উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জোট প্রস্তাব প্রত্যাখান করায় জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, “ভবিষ্যতে সংসদের ভিতরে বা বাইরে জাতীয় কংগ্রেসের সঙ্গে আর কোনও রাজনৈতিক সমঝোতা বা জোটে থাকবে না তৃণমূল কংগ্রেস।”
রাজ্যে বিজেপিকে রুখতে উপনির্বাচনে নন্দীগ্রাম ও রেজিনগরে জোটের প্রস্তাব দিয়ে বেশ কিছুদিন আগে দিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে ফোন করেন স্বয়ং মমতাই। কিন্তু এআইসিসির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল পরে তৃণমূলের এক সাংসদকে জানিয়ে দেন, স্থানীয় স্তরে বাংলার কংগ্রেস কর্মীরা জোটের প্রস্তাব মানতে নারাজ। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “যদি কংগ্রেস কেবল তাদের স্থানীয় নেতাদের কথাতেই চলে, তবে সংসদেও তাদের সঙ্গে একযোগে চলার কোনও বাধ্যবাধকতা তৃণমূলের নেই।” প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, “এখন দু’টি আসনে আগে আমাদের প্রার্থীদের সমর্থন করুক তৃণমূল। এখান থেকে শুরু হোক। আরও অনেক লড়াই হবে আগামিদিনে, তখন দুই দলের জোটের বিষয় নিয়ে দেখা যাবে।”