"আজ বাংলার দেড় কোটি মা-বোনের কাছে পৌঁছবে অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তি", জন্মদিনে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির


কলকাতা: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। একই সঙ্গে আজ অন্নপূর্ণা দিবস হিসাবেও পালিত হচ্ছে। আর জন্মদিনে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বললেন, "পশ্চিমবঙ্গের মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা টাকা জমা পড়ছে। এই টাকার জন্য কারও কাছে তাঁদের হাত পাততে হবে না। এটা ওঁদের জীবনে একটা বিরাট সম্বল।"
এর পর খাঁটি বাংলায় প্রধানমন্ত্রী বলেন, "এটি একটি বড় সাহায্য"। তিনি আরও বলেন, "আজ বাংলার দেড় কোটি মা-বোনেদের কাছে আজ পৌঁছচ্ছে অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তি। অর্থাৎ প্রতি মাসে ৩ হাজার টাকা। এটা কোনও মাযের জন্য বাচ্চাদের পড়ার খরচ। কোনও বোনের জন্য ওষুধ বা বাড়ির কোনও প্রয়োজনীয় জিনিস কেনার কাজে লাগতে পারে।"

নরেন্দ্র মোদি আরও বলেন, "আমাদের মনে হয়েছে, পশ্চিমবঙ্গের মহিলাদের কাছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও যেন থাকে, আর এগিয়ে যাওয়ার উৎসাহ যেন থাকে। আর এতে অন্নপূর্ণা যোজনার বিরাট ভূমিকা রয়েছে। যাঁরা এই টাকা পান, তাঁদের আমি শুভেচ্ছা জানাই। গত ৪ মে, পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়েছে। আমি জানি, এই পরিবর্তনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পশ্চিমবঙ্গের মা-বোনেদের। আপনারা আপনাদের জীবনে অনেক কষ্ট করেছেন। অনেক কিছুর জন্য অপেক্ষা করেছেন। সেই কারণে আমাদের নতুন সরকারের সামনে প্রধান লক্ষ্য ছিল, যাতে পশ্চিমবঙ্গের মহিলাদের জীবন সহজ হয়। জীবন কষ্ট কমে।"

এরপর বাংলায় প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, "কথা কম কাজ বেশি"। তিনি আরও বলেন, "এই কারণে আমরা যে মূলমন্ত্র নিয়ে এগিয়েছি সেটা হল কথা কম কাজ বেশি। এই ভাবনার সঙ্গেই অন্নপূর্ণা যোজনা শুরু হয়েছে। সরকার তৈরির কয়েকদিনের মধ্যে এই বিষয়ের উপর কাজ হয়েছে। আজ এত সংখ্যক মহিলার কাছে সোজা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছানো শুরু হয়ে গিয়েছে।"

প্রধানমন্ত্রী বাংলায় বলেন, "এখন বাংলায় কাটমানি চলে না"। এর পর প্রধানমন্ত্রী আরও বলেন, "আমাদের সরকারের এটাও লক্ষ্য কোনও যোগ্য মহিলা যেন অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত না হয়। এই জন্য এখানে দ্রুত কাজ হচ্ছে। মা-বোনেদের জীবনের সঙ্গে জুড়ে থাক সব সমস্যার সমাধান করা বিজেপির প্রধান লক্ষ্য।"


Post a Comment

Previous Post Next Post