কালীপুজোয় জেলার দায়িত্বে থাকবেন মন্ত্রীরা, সতর্ক সরকার


দুর্গাপুজোয়চোরবাগানের বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে আসন্ন কালীপুজো, জগদ্ধাত্রী পুজো ও ছট নিয়ে সতর্ক রাজ্য সরকার। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সব জেলা প্রশাসনের শীর্ষকর্তা ও কয়েক জন মন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে বৈঠক করেন। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, পূর্তমন্ত্রী অজয় পোদ্দার ওই বৈঠকে ছিলেন।
তার আগে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী আসন্ন উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জেলার মন্ত্রীদের দায়িত্ব দেন। জেলার সব মন্ত্রী ও বিধায়ককে উৎসবের দিনগুলিতে নিজের নিজের এলাকায় থাকার নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন। যে সব পুজোমণ্ডপে ভিড়ের ট্র্যাডিশন রয়েছে, সেগুলির নিয়মিত পরিদর্শন হবে। এ ক্ষেত্রে জেলাগুলির পরিস্থিতি নজরে রাখতে মন্ত্রীদের এক–একটি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
ঠিক হয়েছে, আতশবাজি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা ও পরিবেশ দপ্তরের গাইডলাইনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও দমকল বিভাগের সাহায্য নিয়ে আজ, বৃহস্পতিবার স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ এসওপি তৈরি করবেন। জগদ্ধাত্রী পুজো ও রাস উৎসব উপলক্ষে চন্দননগরে ও নদিয়ার শান্তিপুরকে বিশেষ ভাবে সাজানো হবে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের কথা মাথায় রেখে। এ ব্যাপারে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব সৌমিত্র মোহনকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। শিগ্‌গিরি জেলা প্রশাসনের সঙ্গে তাঁরা আলোচনা করে রূপরেখা তৈরি করবেন।

Post a Comment

Previous Post Next Post