বেহালার গোপাল মিশ্র রোডে মদের বোতল দিয়ে দুই মহিলাকে মারধরের অভিযোগ, গুরুতর জখম!


বেহালার গোপাল মিশ্র রোডে মদের বোতল দিয়ে দুই মহিলাকে মারধরের অভিযোগ, গুরুতর জখম অবস্থায় পিজিতে স্থানান্তর

নিজস্ব সংবাদদাতা, বেহালা: লক্ষ্মীপুজোর রাতে বেহালার গোপাল মিশ্র রোডে মোহিনী কুঞ্জ পার্ক (ময়লার ডিপো পার্ক) সংলগ্ন রাস্তায় দুই মহিলাকে বিয়ারের বোতল দিয়ে মারধরের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর জখম হন দুই মহিলা। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুজোর দিন মধ্যরাতের পর আনুমানিক রাত দেড়টা থেকে দুটো নাগাদ মোহিনী কুঞ্জ পার্কের সামনে দিয়ে যাচ্ছিলেন ওই দুই মহিলা। অভিযোগ, সেই সময় একদল যুবক তাঁদের পথ আটকায়। ওই যুবকদের মধ্যে এমন এক ব্যক্তি ছিলেন, যাঁর সঙ্গে আক্রান্ত দুই মহিলার মধ্যে একজনের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে বিবাদ চলছিল বলে জানা গিয়েছে।

আক্রান্ত মহিলাদের দাবি, এর আগে ফোনে ওই ব্যক্তির সঙ্গে বিবাদ নিয়ে বেশ কিছুক্ষণ বচসা হয়েছিল। সেই ঘটনার জেরেই রাস্তায় তাঁদের আটকানো হয় বলে অভিযোগ। এরপর দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা এবং পরে হাতাহাতি শুরু হয়। অভিযোগ, পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে বিয়ারের বোতল দিয়ে দুই মহিলাকে ব্যাপক মারধর করা হয়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহত দুই মহিলাকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের এসএসকেএম (পিজি) হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পাশাপাশি, পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয় বলে আক্রান্তরা জানিয়েছেন।

তবে এই ঘটনায় পর্ণশ্রী থানায় আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
 অভিযোগ, মারধরের পর অভিযুক্ত যুবকের দল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই দলের দু’জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাঁদের আটক করেছে বলে জানা গিয়েছে।

ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে এই হামলার ঘটনা কি না, তা তদন্তসাপেক্ষ। ঠিক কী কারণে এই সংঘর্ষ এবং ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Post a Comment

Previous Post Next Post