‘বড় চোর জেলে যাবে, ধৈর্য্য রাখুন’, বার্তা শুভেন্দু অধিকারীর



‘বড় চোর’ ধরা পড়ার প্রশ্নে সাধারণ মানুষকে ধৈর্য ধরতে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার বারুইপুরে বিজেপির জনসভা থেকে তাঁর আশ্বাস, বড় চোর জেলে যাবে! কেন এখনও ‘বড় চোর’ ধরা পড়ছে না তাঁর ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘আপনাদের মনে প্রশ্ন আছে, বড় চোরটা কবে যাবে? সময়–টময় একটু ঠিকঠাক দেখে করতে হয়, বুঝেছেন তো।’
কিন্তু এই ‘বড় চোর’টা কে? সরাসরি কারও নাম উ‍ল্লেখ করেননি শুভেন্দু। তবে ঠারেঠোরে যা বোঝানোর বুঝিয়ে দিয়েছেন তিনি। ‘বড় চোর’ ধরা পড়া প্রসঙ্গে বারুইপুরের সভা থেকে তাঁর সংযোজন, ‘বড় চোর যাবে। চিন্তার কোনও কারণ নেই। একজন জেলে চলে গিয়েছেন।’ এরপরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘ইন্দ্রনীল সেন শেষ ডুয়েটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই গেয়েছিলেন—‘আমার যাওয়ার সময় হলো। দাও বিদায়...।’

৪ মে বাংলায় রাজনৈতিক পালাবদলের পরেই বিজেপির অন্দরে দাবি ওঠে ‘বড় চোর’কে জেলে পাঠাতে হবে। দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের অনেক নেতা জেলে গে‍লেও বিজেপির নিচুতলার কর্মীরা নিজেদের দাবি থেকে সরে আসেনি। পার্টি কর্মীদের সেই মনোভাবকে গুরুত্ব দিয়ে শুভেন্দু এ দিন ‘বড় চোর’ সংক্রান্ত বার্তা দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। কার্যত সবুরে মেওয়া ফলার ইঙ্গিত দিয়ে মুখ্যমন্ত্রী এ দিন বিজেপি কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি রাজনৈতিক জীবনে ধৈর্য রেখেছি। আপনারাও ধৈর্য রাখুন। বড় চোর জেলে যাবে।’

Post a Comment

Previous Post Next Post