SIR-এ ব্যাপক অনিয়ম, ভোটচুরির অভিযোগে তোলপাড় গোটা দেশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে বিজেপি বিরোধী I.N.D.I.A শিবির। পথে নেমেছে ককরোচ জনতা পার্টিও। তাদের ডাকে আজ যন্তরমন্তরে বিপুল সমাবেশ হওয়ার কথা। তবে একদিন আগে থেকেই ব্য়াপক ধরপাকড় শুরু হয়েছে। বিভিন্ন রাজ্যে অল্পবয়সি ছেলেমেয়েদের বাস-ট্রেন থেকে নামিয়ে নিয়ে গিয়েছে পুলিশ। আটক করা হয়েছে আন্দোলনে যোগ দিতে আসা ইউটিউবার ধ্রুব রাঠীকেও। বিমানে উঠে অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে আটক করেছে পুলিশ।
এই ব্যাপক ধরপাকড় নিয়ে সকালেই মুখ খুলেছিলেন কেজরিওয়াল। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'জরুরি অবস্থার চেয়েও ভয়াবহ। আমরা মোদির স্বৈরাচারী শাসনে বাস করছি। বিমানে উঠে যেভাবে গ্রেফতার করা হয়েছে ককরোচদের, তা অভূতপূর্ব ভয়েরই বহিঃপ্রকাশ। প্রধানমন্ত্রী মোদি বিলক্ষণ জানেন যে, ভোট চুরি করেই নির্বাচনে জিতেছিলেন তিনি। এখন গণতন্ত্রকে ধুলোয় মিশিয়ে সেই জালিয়াতি টিকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছেন। জ্ঞানেশকে যেমন সরতে হবে, সরতে হবে মোদিকেও'।
ককরোচদের আন্দোলন আটকাতে দিল্লি এখন দুর্ভেদ্য দুর্গের সমান। জায়গায় জায়গায় ব্যারিকেড, রাস্তায় কাঁটা চোখে পড়ছে। রাজধানী ছয়লাপ হয়ে গিয়েছে পুলিশে। সীমানায় মোতায়েন করা হয়েছে BSF-কে। ট্রেন-মেট্রো চলছে না সেখানে। নাকাতল্লাশি চলছে প্রাইভেট গাড়িতেও। মুম্বইয়ে ককরোচদের সমর্থনে আন্দোলনে নামতে যাওয়ায় মহাত্মা গাঁধীর প্রপৌত্র তুষার গাঁধীকেও আটক করা হয়েছে।