১৫ বছর ধরে ভুয়ো আধার-প্যান কার্ড বানিয়ে বসবাসকারী বাংলাদেশি নাগরিক আটক সাগরদিঘিতে।
সাগরদিঘি, মুর্শিদাবাদ:
গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় পদক্ষেপ করল সাগরদিঘি থানার পুলিশ। গতকাল গভীর রাতে সাগরদিঘির গোবর্ধনডাঙ্গা স্কুলপাড়া এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। ধৃত ব্যক্তি প্রায় ১৫ বছর ধরে সম্পূর্ণ অবৈধভাবে এ দেশে বসবাস করছিলেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি এতদিন রনি শেখ নামে পরিচয় দিলেও, প্রাথমিক তদন্তে তাঁর আসল নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। তাঁর প্রকৃত বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি এলাকায়। লালগোলা সীমান্ত পেরিয়ে এই দেশে ঢুকে ছিল এমনটাই জানা যায় ধৃত বাংলাদেশির কাছ থেকে।
দীর্ঘদিনের এই বসবাসকে স্থায়ী করতে তিনি অত্যন্ত চতুরতার সঙ্গে ভারতীয় আধার ও প্যান কার্ডে জাল ও ভুয়ো তথ্য ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে।
প্রায় আট বছর আগে লভলি খাতুন নামের এক ভারতীয় মহিলাকে বিয়ে করেন তিনি। এরপর থেকেই সাগরদিঘি এলাকার স্থানীয় বাসিন্দাদের চোখে ধুলো দিয়ে দিব্যি সংসার পেতেছিলেন।
আইনি প্রক্রিয়া মেনেই সাগরদিঘি থানার পুলিশ ধৃত বাংলাদেশি নাগরিককে ইতিমধ্যেই হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে। কীভাবে দীর্ঘ এতদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তিনি জাল পরিচয়পত্র তৈরি করলেন এবং এর নেপথ্যে কোনো বড় চক্র বা স্থানীয় সহযোগীদের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে সাগরদিঘী থানার পুলিশ।