জলপাইগুড়ির নমুনায় ঠিক কী মিলেছে?
সংবাদ সংস্থা PTI সূত্রে খবর, তেলিপাড়ার কারখানা থেকে নেওয়া নমুনা প্রথমে প্রাথমিক ল্যাবরেটরি এবং পরে রেফারেল ফুড ল্যাবরেটরিতে পাঠানো হয়। দু'টি পরীক্ষাতেই জলে কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়েছে। বিশেষজ্ঞদের মতে, নর্দমার জল মিশে গেলে বা পাইপ ফেটে গেলে পানীয় জলে এই ব্যাকটেরিয়া ঢুকতে পারে। বিতর্কিত ওই নমুনা ‘PB 201’ ব্যাচের ছিল। রিপোর্ট সামনে আসার পরেই ২০২৬ সালের ১২ অগস্ট ওই ব্যাচের জল বিক্রি নিষিদ্ধ করা হয়। এ বার সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে হাঁটতে চলেছে নিয়ামক সংস্থা।
গোয়ার কারখানা নিয়েও আইনি জটিলতা
বাংলার ঘটনার কয়েক দিন আগেই গোয়ার কারখানার জল নিয়ে বিসলেরির বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছিল FSSAI। গোয়ার কারখানা থেকে সংগৃহীত ‘প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার’-এর নমুনায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ব্রোমেট মিলেছিল। ২০০৬ সালের খাদ্য সুরক্ষা আইনে ওই জলকে নিরাপদ নয় বলে ঘোষণা করা হয়েছিল। বিসলেরি এই রিপোর্টের বিরুদ্ধে আবেদন করলে নমুনা রেফারেল ল্যাবে পাঠানো হয়। সেখানেও জল নিরাপদ বলে প্রমাণ হয়নি। এমনকী, তাতে ক্ষতিকর ‘পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন’ (PAHs)-এর উপস্থিতি মেলে। এর পরই মামলার নির্দেশ দেয় FSSAI।
গোয়ার ক্ষেত্রে বিসলেরি কর্তৃপক্ষের সাফাই
গোয়ার জলের ক্ষেত্রে বিসলেরি কর্তৃপক্ষ দাবি করেছিলেন, তাঁদের জল পান করার জন্য সম্পূর্ণ নিরাপদ। গোয়ার সমস্যা ২০২৫ সালের সেপ্টেম্বরে তৈরি হওয়া একটি ব্যাচের ক্ষেত্রে ঘটেছিল। সংস্থার বক্তব্য, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর FSSAI গোয়ার কারখানা থেকে ৬টি নমুনা নেয়। এর মধ্যে ৫টি নমুনা সব পরীক্ষায় পাশ করে। কেবল ষষ্ঠ নমুনায় প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রামের বদলে ১২ মাইক্রোগ্রাম ব্রোমেট পাওয়া যায়।
প্যাকেটজাত জলের বাজারে কড়া নজরদারি
শুধু বিসলেরি নয়, গোটা প্যাকেটজাত পানীয় জলের বাজারেই নজরদারি বাড়িয়েছে FSSAI। বিভিন্ন ব্র্যান্ডের জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালানো হচ্ছে। শীঘ্রই সেই রিপোর্ট সামনে আসবে। পাশাপাশি, নামি ব্র্যান্ডের নামের সঙ্গে মিল রেখে বা নকল লেবেল লাগিয়ে যে সব সংস্থা জল বিক্রি করছে, তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিতে চলেছে নিয়ামক সংস্থা।