খবর বাংলা ডিজিটাল ডেস্ক : ফের আশার আলো দেখাল আলিপুর আবহাওয়া দফতর। জানাল, আগামী তিন-চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, নামবে বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত এদিন জানান, দক্ষিণবঙ্গে সক্রিয় হবে মৌসুমী বায়ু। ফলে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তিশালী হবে। নিম্নচাপে পরিণত হওয়ারও সম্ভাবনা আছে। আগামী তিন-চার দিন বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেন হবে দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামীকাল, শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা।
শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে সব জেলাতেই বৃষ্টি হবে। কয়েক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবেই। আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। মালদহ এবং দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।