কলকাতা: সোমবার নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর জেলায় জেলায় জোরকদমে চলছে ফুটপাথ সাফাই অভিযান। রাস্তার ধারে বেআইনি নির্মাণ ভাঙতে চলছে বুলডোজারও। এদিকে এই গোটা প্রক্রিয়া নিয়ে পুলিশ-প্রশাসন এবং দলীয় নেতা ও কাউন্সিলরদের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আজ সাতটি কর্পোরেশনের মেয়র, পুরসভার চেয়ারম্যান, জেলাশাসক, পুলিশ সুপারদের বৈঠকে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখান থেকে ফের পুলিশ-নেতাদের কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ বলেন, 'হকার উচ্ছেদ লক্ষ্য নয়। হকারির জায়গায় গোডাউন তৈরি করে ফেলছে। হকার ইউনিয়নগুলোর দেখা উচিত। এক একজন হকার চারটি করে ডালা বসাচ্ছে। পুলিশ, হকার নেতারা গরিব হকারদের কাছে থেকে চাঁদা তুলবেন না।'
এরপরই মমতার কথায়, 'গড়িয়াহাটে তো হাঁটারই জায়গা নেই। বহিরাগতদের জায়গা দেওয়া যাবে না। যত বড়ই নেতা হোক, কাউকে ছেড়ে কথা বলব না। স্থানীয় কাউন্সিলরা চোখে দেখেও দেখেন না কিছু। প্লাস্টিক ব্যবহার না করলেই ভাল। কতদিন সময় লাগবে এসব কাজ করতে। স্টল নাম্বার দেওয়া হোক। গড়িয়াহাটে তো হাঁটাই যাচ্ছে না। বেকার করে দেওয়া, চাকরি খাওয়ার অধিকার আমার নেই।'