খবর বাংলা ডিজিটাল ডেস্ক : আগামী কয়েকদিন ধরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এমন পূর্বাভাস দিয়ে দিল আবহাওয়া দফতর। অর্থাৎ রথের দিন কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা ভাসতে পারে বলে অনুমান। যদিও এই বৃষ্টির ফলে তাপমাত্রার খুব একটা অদল-বদল হবে না।
হাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গে অতিভারী বর্ষণ চলবে শনিবার পর্যন্ত। আর দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে। শনিবার অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। এছাড়া মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এদিকে শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পরিমাণ কম হলেও রথের দিন বৃষ্টি সইতে হবে কলকাতাকে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শুক্রবার মূলত মেঘলা আকাশ থাকবে শহরে। বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৯ থেকে ৯৮ শতাংশ। আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ভিজতে পারে।
রাজ্যে এখন মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার পাশাপাশি বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। এই সিস্টেম নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত অক্ষরেখা সক্রিয় রয়েছে। এর প্রভাবেই রাজ্যজুড়ে মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস।