মুম্বইয়ের 'জাদু কি ঝাপ্পি', লোকে লোকারণ্য মেরিন ড্রাইভ দেখে আবেগে বিহ্বল সকলে


খবর বাংলা ডিজিটাল ডেস্ক : এটাই কি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সেরা ছবি? বৃহস্পতিবার সন্ধ্যায় লোকে লোকারণ্য মুম্বইয়ের মেরিন ড্রাইভ দেখে অনেকে তো সেটাই বলতে শুরু করে দিয়েছেন। আর সেটা বললে খুব একটা ভুলও বলা যায় না, বিশেষত ফ্যানদের নিরিখে বিচার করলে তো বটেই। কারণ বৃহস্পতিবার সন্ধ্যায় টিম ইন্ডিয়ার ভিকট্রি প্যারেডের জন্য পুরোপুরি জনসমুদ্র নেমেছিল মেরিন ড্রাইভে। জনসমুদ্র মানে স্রেফ জনসমুদ্র নয়- সত্যিকারেরই জনসমুদ্র। পুরো মেরিন ড্রাইভ চলে গিয়েছিল ভারতীয় ক্রিকেট ফ্যানদের দখলে। এমনই অবস্থা হয়েছিল যে অনেক কষ্টে রোহিত শর্মা, বিরাট কোহলিদের ভিকট্রি প্যারেডের বাস এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। শুধুমাত্র ওইটুকু জায়গাই ছেড়ে রেখেছিলেন ফ্যানরা। বাকিটা তাঁদের দখলে ছিল।

মুম্বইয়ের রাতের মায়াবী আলোয় মেরিন ড্রাইভের সেই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলেই। ওই ছবিটা পোস্ট করে ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা মুম্বই ক্রিকেটে মহীরূহ ওয়াসিম জাফর বলেন, 'পরিশ্রমী ভারত ক্রিকেট ফ্যানদের উপর দাঁড়িয়ে আছে এই খেলাটার ভিত্তি। দলের সঙ্গে তাঁদেরও বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনে মেতে উঠতে দেখে দারুণ লাগছে। এটা বহু প্রতীক্ষিত ছিল।'

আবার এক নেটিজেন ওই ছবি পোস্ট করে লেখেন, ‘ভারতের ক্রিকেট ইতিহাসে এটা সর্বকালের সেরা ছবি।’ অপর এক নেটিজেন আরও এককদম এগিয়ে বলেন, ‘কেন (২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ) স্থানীয় সময়ে সকাল ১০ টায় শুরু হত? কেন সবসময় ভারতীয় দর্শকদের প্রাইম টাইম মাথায় রাখা হয়? কেন আইসিসির থেকে বেশি লভ্যাংশ পায় ভারত? কেন ক্রিকেটে আধিপত্য আছে ভারতের? আমায় যদি কেউ সেইসব প্রশ্ন করেন, তাঁদের শুধুমাত্র এই একটা ছবি দেখাব।’

যদিও কেউ-কেউ আবার সেই ঐতিহাসিক ছবি দেখিয়ে বলতে থাকেন, দেশে বেকারত্ব যে বেড়েছে, তা ওই ছবি দেখেই বোঝা যাচ্ছে। আর সেরকম মন্তব্যের প্রেক্ষিতে এক নেটিজন বলেন, ‘যদি কেউ মনে করেন যে ভারতের বিশ্বকাপ জয় উদযাপন করার জন্য মেরিন ড্রাইভে এত মানুষ এসেছিলেন, কারণ তাঁদের কিছু করার নেই এবং তাঁদের হাতে অঢেল সময় আছে, তাহলে তাঁদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, স্পোর্টসটা আপনাদের জিনিস নয়। আপনারা কোনওদিন বুঝবেন না। আপনাদের বেকার বোঝানোর দরকার নেই। একদমই নয়।’

Post a Comment

Previous Post Next Post