নিজস্ব প্রতিনিধি : "দাগী"শিক্ষকদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন, নাম রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার ধরে ১৮০৪ জনের তালিকা প্রকাশ করল SSC-র।
কোর্টের নির্দেশে অবশেষে দাগী শিক্ষকদের তালিকা প্রকাশ করল এসএসসি
দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আদালতের নির্দেশে প্রকাশিত হল দাগী শিক্ষকদের তালিকা। স্কুল সার্ভিস কমিশন (SSC) শনিবার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করেছে।
তালিকায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে নাম, রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার। মোট ১৮০৪ জন শিক্ষকের নাম ধাপে ধাপে প্রকাশ করেছে কমিশন। এই সকল শিক্ষকদের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ছিল এবং আদালতের নির্দেশে তাঁদের নাম প্রকাশ বাধ্যতামূলক হয়ে ওঠে।
এ প্রসঙ্গে কমিশনের তরফে জানানো হয়েছে, আদালতের নির্দেশ অনুসারেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও পরবর্তী পদক্ষেপ ও আইনি কার্যক্রম আদালতের রায় অনুযায়ীই হবে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই তালিকা প্রকাশের মধ্য দিয়ে রাজ্যের শিক্ষাক্ষেত্রে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিভাবক ও সাধারণ মানুষ মনে করছেন, এভাবে নাম প্রকাশ হওয়ার ফলে দুর্নীতির চিত্র আরও স্পষ্টভাবে সামনে এল।
আইন বিশেষজ্ঞরা বলছেন, এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই ১৮০৪ জন দাগী শিক্ষকের চাকরি বাতিল হবে নাকি অন্য কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, তা আদালতের পরবর্তী নির্দেশেই স্পষ্ট হবে।