ফের মৃত্যু হলো এক বুথ লেভেল অফিসার (BLO)-এর।
হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর কাজে যুক্ত ওই আধিকারিকের। এই জন্য কাজের চাপকেই দায়ী করছে পরিবার। রাজস্থানে সোয়াই মাধোপুর জেলার ঘটনা।
বুধবার সকালে মৃত্যু হয়েছে ওই BLO-র। মৃতের নাম হরিরাম ওরফে হরিওম বৈরওয়া (৩৪)। রাজস্থানের সেবতি খুর্দ সরকারি স্কুলের শিক্ষক ছিলেন তিনি। এখন বিএলও হিসেবে কাজ করছিলেন তিনি। পরিবারের দাবি, বুধবার সকালে স্থানীয় তহসিলদার ফোন করেন তাঁকে। ওই ফোন পাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন হরিরাম। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদস্যদের দাবি, ভোটার তালিকা সংশোধনের কাজের চাপেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে হরিরামের।
তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, SIR-এর কাজের জন্য অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছিল তাঁকে। গত ৬ দিন ধরে খুব চাপের মধ্যে ছিলেন হরিরাম। এই কাজের চাপের জন্য বাড়িতেও বেশি কথা বলছিলেন না তিনি। গভীর রাত পর্যন্ত কাজ করে ভোরেই উঠতে হচ্ছিল তাঁকে। হরিরামের বাবা, ব্রিজমোহন বলেন, ‘এলাকার তহসিলদার আমার ছেলেকে ফোন করে কী বলেন তা আমি জানি না। তবে ওই ফোন পাওয়ার পরেই হার্ট অ্যাটাক হয় হরিরামের।’
যদিও কোনও রকম চাপ দেওয়ার কথা অস্বীকার করেছেন এলাকার প্রশাসনের আধিকারিকরা।