সে কারণে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সম্প্রতি বিশেষ সম্মানও পেয়েছে এনডিআইটিএ। সেক্টর ফাইভে প্রতিদিন বিপুল পরিমাণ জল ব্যবহারের পরে সেই ব্যবহৃত জল শোধন করে ফের কাজে লাগানো এবং জল অপচয় কমানোর এই পদক্ষেপের সূত্রে অন্য পুরসভাগুলির সামনে নবদিগন্ত শিল্পতালুককে এ বার রোল মডেল হিসেবে তুলে ধরতে চাইছে রাজ্য পুর দপ্তর।
পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কথায়, 'যে ভাবে জল অপচয় বাড়ছে তাতে তা পুনরায় ব্যবহার না করা গেলে আগামী দিনে জলের সঙ্কট কেউ আটকাতে পারবে না। সব পুরসভাকে এ বিষয়ে উদ্যোগী হওয়ার কথা বলা হয়েছে।'
সম্প্রতি জলসংরক্ষণ ও পুনর্ব্যবহারের উদ্যোগের বিষয়ে রাজ্যের বিভিন্ন পুরসভাকে চিঠি পাঠানো হয়েছে। সেখানে সেক্টর ফাইভের মডেল অনুসরণ করে ব্যবহৃত জল কী ভাবে শোধন ও পুনর্ব্যবহার করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের কথা বলা হয়েছে। পুর দপ্তরের কর্তাদের দাবি, ভূগর্ভস্থ জলের উপরে চাপ কমাতে এবং সুসংহত জলবণ্টন ব্যবস্থা গড়ে তুলতে এই উদ্যোগ বিশেষ গুরুত্বপূর্ণ।
জল শোধনাগার, জল সংগ্রহ ও পুনর্ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়িত করতে পুরসভাগুলিকে আর্থিক ভাবে সাহায্য করবে পুর দপ্তর। এই উদ্যোগ প্রসঙ্গে পরিবেশ বিজ্ঞানী তড়িৎ রায়চৌধুরী বলেন, 'ব্যবহৃত জল পুনরায় ব্যবহারের ব্যবস্থাপনা অত্যন্ত দায়িত্বশীল ও দূরদর্শী পদক্ষেপ। যে ভাবে রাজ্যে ভূগর্ভস্থ জলের উপরে চাপ ক্রমশ বাড়ছে তাতে এই ধরনের পুনর্ব্যবহার প্রকল্প পরিবেশরক্ষা এবং জল-নিরাপত্তার জন্যে গুরুত্বপূর্ণ।'
এনডিআইটিএ সূত্রে খবর, যে সব মানদণ্ডের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের স্বীকৃতির মূল্যায়ন হয়েছে তার মধ্যে ছিল— জল সরবরাহের মান ও নিরবচ্ছিন্নতা, গ্রাহক সন্তুষ্টির মাত্রা, জল অপচয়ের পরিমাণ, রেন ওয়াটার হার্ভেস্টিংয়ের বাস্তবায়ন, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থেকে পরিশোধিত জলের পুনর্ব্যবহার। নবদিগন্ত শিল্পতালুকের কর্তারা জানাচ্ছেন, সেক্টর ফাইভের প্রতিটি বিল্ডিংয়ে নিরবচ্ছিন্ন ভাবে পরিস্রুত জল সরবরাহ করা হয় এবং গ্রাহকরাও জল সংক্রান্ত কোনও অভিযোগ করেন না।
এ ছাড়া সেক্টর ফাইভের অনেক বিল্ডিংয়ে বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এনডিআইটিএ প্রতিদিন প্রায় ৩ মিলিয়ন গ্যালন পরিস্রুত জল পায় টালার জলাধার থেকে। যা সেক্টর ফাইভের চাহিদা পূরণে ব্যবহৃত হয়। যে ৩ শতাংশ জল অপচয় হয় তা পুনরায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে শোধন করে গাছে দেওয়া, রাস্তা সাফাই, নির্মাণকাজে পুনর্ব্যবহার করা হচ্ছে।
এনডিআইটিএ-র বক্তব্য, রাজ্যের যে কোনও পুরসভা এ ক্ষেত্রে সাহায্য চাইলে সব রকম ভাবে সহযোগিতায় তারা প্রস্তুত। এ প্রসঙ্গে দমদম পুরসভার চেয়ারপার্সন হরিন্দর সিং বলেন,'আগামী দিনে জলের নিরবছিন্ন জোগানের ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ খুবই জরুরি। খুব তাড়াতাড়িই কাজ শুরু করব আমরা।'