কিন্তু আচমকা দেখা গেল, ভারতীয় (India vs South Africa) ড্রেসিংরুমের সামনে তৎপরতা। পুলিশকেও দেখা গেল আচমকা সক্রিয় হয়ে পড়তে। মাঠের বাইরে যে অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল, সেটিকে ড্রেসিংরুমের একেবারে পাশে ডাকা হল। তারপরই স্ট্রেচারে চাপিয়ে ড্রেসিংরুম থেকে বার করা হল ভারত অধিনায়ককে। ঘাড়ের চোটে যিনি প্রথম ইনিংসে আহত ও অবসৃত হন। ফিল্ডিং করতেও নামেননি। খানিকটা বিশ্রাম ও ব্যথা কমানোর ওষুধ খেয়েও উন্নতি হয়নি শুভমনের। ম্যাচ শেষ হতেই অ্যাম্বুলেন্সে চাপিয়ে ভারত অধিনায়ককে নিয়ে যাওয়া হল শহরের এক বেসরকারি হাসপাতালে। তাঁর ঘাড়ে স্ক্যান করানো হতে পারে। চোটের গুরুত্ব বুঝে শুরু হতে পারে চিকিৎসা। যাতে দ্বিতীয় ইনিংসে যেভাবেই হোক তাঁকে ব্যাট করতে নামানো যায়।
শুভমনের সঙ্গে গেলেন দলের লিয়াঁজো ম্যানেজার আসিম মোমিন। ইডেন গার্ডেন্সে খেলা থাকলে ক্রিকেটারদের চোট-আঘাতের চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি রয়েছে সিএবি-র। সংশ্লিষ্ট হাসাপাতালের চিকিৎসক সপ্তর্ষি বসুও শুভমনের সঙ্গে অ্যাম্বুলেন্সে করে গিয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নিয়ে শুভমনকে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করা হবে।
ঘাড়ে ব্যথার জন্য বেকায়দায় শুভমন গিল। শনিবার, ভারতের প্রথম ইনিংসে ব্যাট করতে নামলেও, যন্ত্রণায় কাবু হয়ে মাঠ ছাড়েন। আহত ও অবসৃত হয়ে। অনেকে ভেবেছিলেন, ব্যথা কমলে হয়তো ব্যাট করতে নামবেন গিল। কিন্তু পারেননি তিনি। ভারতের ৯ উইকেট পরতেই অল আউট ঘোষণা করা হয়। ফিল্ডিং করতেও নামেননি গিল। ড্রেসিংরুম থেকেই দেখলেন হতাশ গিল।
শোনা গেল, ড্রেসিংরুমে নেক কলার পরে বসে ছিলেন ভারত অধিনায়ক। তাঁর নড়াচড়া করতেও সমস্যা হচ্ছে। কাঁধে সেঁক দেওয়া চলছে। সঙ্গে ব্যথা কমানোর ওষুধ খাওয়ানো হয়েছে। যদিও স্টিফ নেকের সবচেয়ে বড় ওষুধ হল বিশ্রাম আর টেস্ট ম্যাচ চলাকালীন সেটাই শুভমনের পক্ষে পাওয়া মুশকিল। সকলের মনেই এখন প্রশ্ন, দ্বিতীয় ইনিংসে কি ব্যাট করতে পারবেন গিল?
দক্ষিণ আফ্রিকা ৬৩ রানে এগিয়ে। হাতে এখনও ৩ উইকেট। এবং ক্রিজে তেম্বা বাভুমা। ভারতকে যদি ১০০ রানও তাড়া করতে হয়, কঠিন এই পিচে গিলের ব্যাটিং মহার্ঘ হয়ে দাঁড়াবে। তাই তাঁকে মাঠে নামাতে মরিয়া ভারতীয় শিবির।
কাঁটা রয়েছে নিয়মেরও। গিলের চোট ম্যাচ খেলার সময় হয়নি। হয়েছে দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে। দক্ষিণ আফ্রিকার ইনিংসের সময় ফিল্ডিং করেননি গিল। তাই তিনি নিজের চার নম্বর ব্যাটিং পজিশনে চাইলেও নামতে পারবেন না।