শুক্রবার, ভারতীয় সময়ে সকাল ১০টা ৯ মিনিট। হঠাৎ করে কম্পন অনুভব করলেন শহর কলকাতা, মালদা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, মালদা, নদিয়া-সহ একাধিক জেলার বাসিন্দারা। শুধু পশ্চিমবঙ্গ নয়, এ দিন ভূমিকম্প অনুভূত হয় ঢাকাতেও। কলকাতার বাসিন্দাদের দাবি, প্রায় তিন সেকেন্ড সময় ধরে তাঁরা কম্পন অনুভব করেছেন। সাতসকালে এই কম্পনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, এই কম্পনের উৎসস্থল বাংলাদেশ। শুক্রবার ভারতীয় সময়ে সকাল ১০টা ৮ মিনিট ২৬ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৭। কম্পন অনুভূত হয়েছে কলকাতা-সহ বাংলার একাধিক জেলায়।
ইউএস জিওলজিক্যাল সার্ভে (USGS)-এর তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।