পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, পথকুকুর নিয়ে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশের পরে ধাপার কাছে তিন হাজার পথকুকুরের জন্য একটি শেল্টার গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পথকুকুর সংক্রান্ত পুর কমিটির সদস্যরা তাড়াতাড়ি ওই জমি পরিদর্শনে যাবেন। জমির অনুমোদন হলে শুরু হবে শেল্টার তৈরির কাজ। এর জন্য পুরসভার বড় অঙ্কের টাকার প্রয়োজন।
ওই সূত্রের দাবি, পুরসভার পরিকল্পনা অনুযায়ী আপাতত পথকুকুরদের জন্য অস্থায়ী শেল্টার তৈরির পরিকল্পনা করা হচ্ছে। পথকুকুরদের জন্য একটি হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা তপনকুমার মুখোপাধ্যায় বলেন, ‘পথকুকুর নিয়ে কলকাতা পুরসভার একাধিক পরিল্পনা রয়েছে। তা নিয়ে আলোচনাও চলছে। এই সব পরিকল্পনায় পথকুকুর নিয়ন্ত্রণ সংক্রান্ত কমিটির কাছে পাঠানো হয়েছে। বাস্তবায়ণের জন্য কমিটির অনুমোদন দরকার।’