নেপালের ঝাপা জেলার ভদ্রপুর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে গেল একটি যাত্রীবাহী বিমান। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শুক্রবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে। তবে স্বস্তির খবর, বিমানটিতে থাকা সকল যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে রয়েছেন। সূত্রের খবর, কাঠমান্ডু থেকে ভদ্রপুরগামী বুদ্ধা এয়ার-এর ফ্লাইট নম্বর ৯০১ অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে সরে যায়। ওই বিমানে মোট ৫১ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন।
নেপাল পুলিশ জানিয়েছে, অবতরণের সময়ই এই দুর্ঘটনাটি ঘটে। তবে দ্রুত উদ্ধারকাজ শুরু হওয়ায় সকল যাত্রী ও ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ঘটনার পর সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রমে কিছুটা প্রভাব পড়ে। তবে কী কারণে বিমানটি রানওয়ে থেকে পিছলে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।