দেশছাড়া হতে হবে স্ত্রীকে? SIR নোটিসের আতঙ্কেই নিভল জীবন-প্রদীপ!


SIR নোটিস ঘিরে আতঙ্কে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ডোমকল জুড়ে। পরিবারের অভিযোগ, স্ত্রীর নামে SIR নোটিস আসার পর থেকেই গভীর মানসিক চাপে ভেঙে পড়েছিলেন ওই শ্রমিক। শেষ পর্যন্ত সেই আতঙ্কই কেড়ে নিল তাঁর প্রাণ।

ঘটনাটি ডোমকল থানার অন্তর্গত ভগীরথপুরের ফতেপুর হাট এলাকার। মৃতের নাম জয়নাল আনসারী (৩৪)। পেশায় রাজমিস্ত্রি। কাজের সূত্রে তিনি হাওড়ার সাঁকরাইলে থাকতেন।

 পরিবার সূত্রে জানা গেছে, জয়নাল আনসারীর স্ত্রী রেখা শেখের নামে সম্প্রতি একটি SIR সংক্রান্ত নোটিস আসে। অভিযোগ, নামের গরমিল বা মিসম্যাচের কারণে নোটিসে শুনানিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নোটিস পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন জয়নাল।

কাজের উদ্দেশ্যে হাওড়ার সাঁকরাইলে যাওয়ার পথে আচমকাই অসুস্থ হয়ে পড়েন জয়নাল আনসারী। পরিবারের অভিযোগ, প্রবল মানসিক চাপের জেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয়দের বক্তব্য, SIR প্রক্রিয়ায় তাঁদের আপত্তি নেই, কিন্তু নামের সামান্য গরমিল থাকলেই ‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশছাড়া করার ভয়ের পরিবেশ মানুষকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে।

Post a Comment

Previous Post Next Post