মুস্তাফিজ়ুর বিতর্কের পর গোটা বাংলাদেশ জুড়ে আপাতত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিল যে তারা ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) খেলতে ভারতে আসবে না। একটি ফেসবুক পোস্ট করে বাংলাদেশ ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ নজরুল (Asif Nazrul) এই ব্যাপারে জানিয়েছেন।
আসিফ নজরুল লিখেছেন, 'বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।' এই পোস্ট ইতিমধ্য়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
চরম সিদ্ধান্ত বিসিবি-র
প্রসঙ্গত, এবারের আইপিএল টুর্নামেন্টে খেলবেন না মুস্তাফিজ়ুর রহমান (Mustafizur rahman)। গত শনিবার (৩ ডিসেম্বর) BCCI-এর নির্দেশ পেয়ে কলকাতা নাইট রাইডার্স তাঁকে রিলিজ় করে দিয়েছে। এই সিদ্ধান্তের পর গোটা বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে অগ্নিগর্ভ পরিস্থিতি। মোদ্দা কথা, বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের আঁতে ঘা লেগেছে। সেকারণে শনিবার রাতেই বিসিবি তড়িঘড়ি একটি বৈঠকের আয়োজন করেছিল। এই বৈঠকের পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না। ভারতে নাকি বাংলাদেশি ক্রিকেটাররা নিজেদের সুরক্ষিত বলে মনে করেন না। শেষপর্যন্ত নিজেদের সিদ্ধান্তেই অনড় রইল তারা।
ইডেন থেকে সরতে পারে ম্যাচ
এদিকে, আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। এবারের বিশ্বকাপে 'টাইগারবাহিনী'-কে নেতৃত্ব দেবেন লিটন দাস। স্কোয়াডে রাখা হয়েছে বাংলাদেশের পেস তারকা মুস্তাফিজুর রহমানকেও। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি আইসিসি বাংলাদেশের যাবতীয় ক্রিকেট ম্য়াচ শ্রীলঙ্কায় শিফট করতে চলেছে? যদি তেমন কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাহলে সেটা কলকাতার কাছে একটা বড়সড় ধাক্কা হবে। কারণ গ্রুপ পর্বে চারটে ম্য়াচের মধ্যে তিনটেই কলকাতার ইডেন গার্ডেন্সে খেলার কথা লিটনদের। এই পরিস্থিতিতে যদি ম্য়াচ স্থানান্তরিত হয়, সেক্ষেত্রে, ইডেন থেকেও ম্য়াচ সরে যাবে।