"স্কুলজীবনে যেমন কিছু ছাত্র পড়াশোনায় ভালো ছাত্রদের নকল করত, তেমনই এখন ভাইপো লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে অনুকরণ করার চেষ্টা করছেন"। ভোটচুরি ইস্যুতে কমিশনকে অভিষেক বন্দোপাধ্যায়ের নিশানাকে এভাবেই কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি দাবি করেছেন, অভিষেক রাহুল গান্ধীকে 'নকল' করছেন।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগকে ঘিরে এবার শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কটাক্ষ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। অভিষেকের বিরুদ্ধে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে 'নকল' করার অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে অধীর চৌধুরী বলেন, “ছোটবেলায় স্কুলে পড়ার সময় পরীক্ষা এলে যেমন মেধাবী ছাত্রদের খাতা দেখে অনেক ছাত্র উত্তর নকল করত, ঠিক তেমনই ভাইপো রাহুল গান্ধীর দেখানো পথ অনুসরণ করে তাঁকে নকল করার চেষ্টা করছেন।” অধীরের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে।
অধীর চৌধুরী আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়ার পর সেখান থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি কংগ্রেসকে আক্রমণ করেছেন, কিন্তু বিজেপির বিরুদ্ধে একটি কথাও বলেননি। তাঁর কথায়, “মানুষ নিজেরাই বিচার করবেন, তিনি আসলে কার হয়ে কাজ করছেন। বিজেপির বিরুদ্ধে অভিষেক একটি শব্দও উচ্চারণ করেন না।”
উল্লেখ্য, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ইভিএম নয়, বরং ভোটার তালিকা ও সফটওয়্যারে কারচুপির মাধ্যমে ‘ভোট চুরি’ করা হচ্ছে। তাঁর অভিযোগ, AI কে কাজে লাগিয়ে ৫০ লক্ষ থেকে এক কোটি ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি, ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ দেখিয়ে চিহ্নিত করা ১.৩৬ কোটি ভোটারের তালিকা প্রকাশের দাবিও তোলেন তিনি।