ভারতীয় ফুটবল আপাতত চরম সংকটের মধ্যে দিয়ে এগোচ্ছে। এই বিপদের আঁচ করে একটি স্পেশাল ভিডিও শেয়ার করেছেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ ফুটবলার গুরপ্রীত সিং সান্ধু, সুনীল ছেত্রী (Sunil Chhetri) এবং সন্দেশ ঝিংগানরা। এই ভিডিওর মাধ্যমে তাঁরা FIFA-র কাছে কাতর আবেদন করেছেন, ভারতীয় ফুটবলকে যেন যে কোনও মূল্যে বাঁচানো হয়। এবার ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এই ব্যাপারে হস্তক্ষেপ করবে কি না, সেটাই আপাতত দেখার।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শুক্রবার অর্থাৎ ২ জানুয়ারি একটি ভিডিও মেসেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। এই তিন ফুটবলার ছাড়াও ইন্ডিয়ান সুপার লিগ খেলা বেশ কয়েকজন তারকা এই আবেদনে গলা মিলিয়েছেন। সকলেই একবাক্যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) ব্যর্থতা তুলে ধরেছেন। প্রত্যেকেই স্বীকার করেছেন, এই কঠিন পরিস্থিতিতেও যদি ফিফা হস্তক্ষেপ না করে, তাহলে ভারতীয় ফুটবল চিরকালের জন্য় ব্যর্থতার অতলে ডুবে যাবে। আর সেকারণেই তাঁরা ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ বাঁচাতে এই ভিডিওকে হাতিয়ার করেছেন।
ভারতীয় ফুটবল তারকারা তৈরি করেছেন ভিডিও
ভারতীয় ফুটবল দলের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু বললেন, 'আমরা সকলেই আতঙ্কে রয়েছি। আমরা সবাই হতাশ।' তিনি আরও যোগ করেন, 'জানুয়ারি মাস শুরু হয়ে গেল। আমাদের উচিত ছিল ISL-এর মতো একটা বড় প্ল্যাটফর্মে প্রতিযোগিতামূলক ফুটবল খেলা। কিন্তু, তার পরিবর্তে আমরা আতঙ্কিত এবং হতাশ হয়ে এমন কিছু কথা বলতে বাধ্য হচ্ছি, যা আজ কারোর কাছেই অজানা নয়।' সন্দেশ ঝিংগান বললেন, 'আমরা আতঙ্ক এবং হতাশায় ডুবে রয়েছি। ভারতীয় ফুটবল এবার পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ছে।'
অন্যদিকে সুনীল ছেত্রী বললেন, 'খেলোয়াড়, স্টাফ, মালিক এবং সমর্থকরা সকলেই ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ নিয়ে একটা স্পষ্ট ধারণা পেতে চাইছে।' এই ভিডিওয় লালিয়ানজুয়ালা ছাংতে, অমরিন্দর সিং, রাহুল ভেকে, প্রীতম কোটাল, সুরেশ ওয়াংঝামের পাশাপাশি হুগো বুমোসের মতো বিদেশি ফুটবলারদেরও দেখতে পাওয়া গিয়েছে। তাঁর সকলেই বললেন, 'এটাই আমাদের শেষ প্রচেষ্টা। আমরা FIFA-র কাছে আবেদন করতে চাই, ভারতীয় ফুটবলকে যেন বাঁচানো হয়। এরজন্য যা দরকার, সেটাই যেন করে। আমরা খেলতে চাই।'