ভারত-ম্যাচ না খেললে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে পারে পাকিস্তান! শ্রীলঙ্কার মাটিতে বড় ‘শত্রু’-র সামনে সলমনেরা


শ্রীলঙ্কায় অন্য ‘শত্রু’ অপেক্ষা করছে পাকিস্তানের সামনে। ইতিমধ্যেই ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা করে প্রতিযোগিতা শুরুর আগেই আলোড়ন ফেলে দিয়েছে পাকিস্তান। কিন্তু সেই ম্যাচ না খেললে সমস্যা আরও বাড়তে পারে তাদের। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে পারেন সলমন আলি আঘারা।

শ্রীলঙ্কায় পাকিস্তানের বড় চিন্তা আবহাওয়া। বিশ্বকাপের মাঝে বৃষ্টির পূর্বাভাস হয়েছে। এমনিতেই শ্রীলঙ্কায় বৃষ্টির প্রভাব খেলায় পড়ে। যদি বিশ্বকাপেও সেই ছবি দেখা যায়, তা হলে সমস্যা হবে সলমনদের। শ্রীলঙ্কাতেই গ্রুপ পর্বের চারটি ম্যাচ খেলার কথা পাকিস্তানের। তার মধ্যে ভারত-ম্যাচ তারা খেলবে না জানিয়েছে। ভারতের বিরুদ্ধে না খেললে কোনও পয়েন্ট পাবে না পাকিস্তান। পাশাপাশি নেট রানরেট অনেকটা কমে যাবে তাদের। ফলে শুরুতেই পিছিয়ে যাবে পাকিস্তান।

গ্রুপ পর্বে সলমনদের বাকি তিনটি ম্যাচ আমেরিকা, নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিরুদ্ধে। তার মধ্যে দু’টি ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে। খেলা ভেস্তে যেতে পারে। যদি তেমনটা হয়, তা হলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। এমনিতেই ভারত-ম্যাচ না খেললে ২ পয়েন্ট পাকিস্তান পাবে না। পাশাপাশি বাকি তিনটি ম্যাচে পয়েন্ট নষ্ট করলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার আশঙ্কা দেখা দেবে পাকিস্তানের সামনে। কারণ, গ্রুপের বাকি দেশগুলি পাকিস্তান বাদে বাকি ম্যাচ ভারতের মাটিতে খেলবে। সেখানে বৃষ্টির আশঙ্কা নেই। সেটাই চিন্তা বাড়াচ্ছে পাকিস্তানের।

৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের প্রথম দিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে পাকিস্তানের। সেই ম্যাচে বৃষ্টির আশঙ্কা ৬৪ শতাংশ। ম্যাচের দ্বিতীয়ার্ধে বৃষ্টি বাড়ার আশঙ্কা। পরের দিকে বৃষ্টি হলে খেলা শেষ করতে সমস্যা হতে পারে। ১০ ফেব্রুয়ারি আমেরিকা ও ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ পাকিস্তানের। এই দুই খেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। ১৫ ফেব্রুয়ারির ম্যাচ হবে কি না তার নিশ্চয়তা নেই। গত বিশ্বকাপে আমেরিকার কাছে হেরেছিল পাকিস্তান। ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচে ২৫ শতাংশ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে সেই ম্যাচও বিঘ্নিত হতে পারে।

যদি পয়েন্ট ভাগাভাগি হয়, তা হলে নক আউটে যাওয়া অনেকটাই নেট রানরেটের উপর নির্ভর করবে। ভারত-ম্যাচ না খেললে আইসিসির ১৬.১০.৭ ধারায় তা অনেকটা কমে যাবে। ফলে নেট রানরেটে বাকিদের থেকে পিছিয়ে পড়বেন সলমনেরা। ভারত-ম্যাচ বয়কটের প্রসঙ্গ ছাপিয়ে শ্রীলঙ্কার আবহাওয়া এখন পাকিস্তানের সবচেয়ে বড় ‘শত্রু’।

Post a Comment

Previous Post Next Post