আবু ধাবিতে ফের শান্তি বৈঠকে বসছে ইউক্রেন, রাশিয়া এবং আমেরিকা। দ্বিতীয় দফার এই ত্রিপাক্ষিক বৈঠকের আগে রাশিয়ার বিরুদ্ধে ফের হামলার অভিযোগ করল ইউক্রেন। ৪৫০টির বেশি ড্রোন এবং ৭০টির বেশি মিসাইল নিয়ে পাওয়ার গ্রিডে হামলা চালিয়েছে রাশিয়া বলে অভিযোগ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি।
প্রসঙ্গত, ন্যাটোর মহাসচিব মার্ক রুট কিইভ এসেছেন। ঠিক তার আগেই এই হামলা করা হয়। মঙ্গলবার একটি বিধ্বস্ত জ্বালানি কেন্দ্রও ঘুরে দেখেন তিনি।
আগামী বুধবার ও বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফার শান্তি বৈঠক অনুষ্ঠিত হবে। তার আগেই সোমবার মধ্য রাত থেকে ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন জ়েলেনস্কি। এটাই ইউক্রেনের পাওয়ার গ্রিডের উপর সব থেকে বড় হামলা বলেও দাবি করা হচ্ছে।
ইউক্রেনে এখন সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। এই হামলার কারণে সেখানকার বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার কারণে অনেকগুলি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরানো হচ্ছে বলেও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।