টয় ট্রেনে আগুন-আতঙ্ক! বুধবার সকালে শিলিগুড়ি টাউন স্টেশনে এ নিয়ে শোরগোল পড়ে যায় যাত্রীদের মধ্যে। কী ভাবে ধোঁয়া বার হল, তার তদন্ত শুরু হয়েছে। তবে রেলের দাবি, এটা ‘ম্যান মেড ধোঁয়া’ হলেও হতে পারে।
অন্যান্য দিনের মতো শিলিগুড়ির এনজেপি স্টেশন থেকে দার্জিলিং যাচ্ছিল একটি টয় ট্রেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, শিলিগুড়ির টাউন স্টেশনে পৌঁছোনোমাত্র টয় ট্রেনের একটি কামরা থেকে ধোঁয়া বার হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে। যাত্রীদের অধিকাংশই পর্যটক ছিলেন। তাঁরা জানিয়েছেন, টাউন স্টেশনে ঢোকার মুখে টয় ট্রেন থামিয়ে দেওয়া হয়েছিল। কিছু ক্ষণের মধ্যে রেলের কর্মীরা সেখানে উপস্থিত হন। তৎক্ষণাৎ ইঞ্জিন থেকে কামরা আলাদা করে দেওয়া হয়। ইঞ্জিন কিছুটা এগিয়ে নিয়ে গিয়ে থামিয়ে দেওয়া হয়। অন্য দিকে, দ্রুত কামরা খালি করে দেওয়া হয়। কিন্তু ধোঁয়ার দেখা মিললেও তার উৎস খুঁজে পাওয়া যায়নি তখনও। বাড়তি সুরক্ষা অবলম্বন করে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করা হয়।
রেল সূত্রে খবর, যে কামরা থেকে ধোঁয়া দেখা গিয়েছিল, তাতে চার জন যাত্রী ছিলেন। সকলেই দার্জিলিং যাচ্ছিলেন। মনে করা হচ্ছে, ধূমপানের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। আবার বৈদ্যুতিক বা অন্য কোনও কারণে এই ধোঁয়া কি না, সেটাও প্রাথমিক তদন্তের পর পরিষ্কার হয়নি। মিনিট দশেক পরে টয় ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে৷ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী বলেন, ‘‘একটি কামরায় ধোঁয়া দেখা গিয়েছিল। তবে অগ্নিকাণ্ডের কোন ঘটনা ঘটেনি।’’ তাঁর সংযোজন, ‘‘মনে করা হচ্ছে ‘ম্যান মেড’ ধোঁয়া। তবে তদন্ত হচ্ছে। কিছু ক্ষণের মধ্যেই ট্রেনটি দার্জিলিঙের দিকে রওনা দেয়।’’