আকাশে ‘চার চাঁদ’, বিরল দৃশ্যের সাক্ষী রাশিয়া, বৈজ্ঞানিক কারণ কী?


‘চার চাঁদ লগ গ্যায়ে, তেরে মেরে পেয়ার মে’। ১৯৬০ সালের ‘আঁচল’ সিনেমার রোমান্টিক দৃশ্যে নায়ক-নায়িকার লিপে রয়েছে এই গানের লাইন। প্রাকৃতিক শোভা দেখেই তৈরি হয়েছিল এই পংক্তি। শুধু সিনেমার গানই নয়, ‘চার চাঁদ লগ গ্যায়ে’-র মতো ‘মুহাবরা’ ব্যবহারের প্রচলন রয়েছে হিন্দিভাষীদের মধ্যে। নয়নাভিরাম কোনও দৃশ্যের জন্যেই এর ব্যবহার। তবে সত্যিই চোখের সামনে যদি চার চাঁদ দেখতে পান? এমনই দৃশ্য দেখা গেল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। বিষয়টি ঠিক কী? কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি, না এর পিছনে রয়েছে কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা?

রাশিয়ান সংবাদমাধ্যম আরটি X-এ একটি ভিডিয়ো শেয়ার করেছে। যেখানে স্পষ্টভাবে দেখা গিয়েছে, একটি নয়, বরং চারটি চাঁদ আকাশে জ্বলজ্বল করছে। দৃশ্যটি নাকি দেখা গিয়েছে সেন্ট পিটার্সবার্গে। মস্কো এবং তার আশেপাশের অঞ্চলেও এই দৃশ্য দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে সেই দেশের সংবাদমাধ্যমে।

তবে কোনও মহাজাগতিক বিষয় নয়। এরকম ঘটনাকে 'মুন ডগ' বা 'মক মুন' বলা হয়ে থাকে। এর বৈজ্ঞানিক নাম ‘Paraselene’। চাঁদের আলোর প্রতিসরণের ফলে একটি ইলিউশনের কারণেই এই দৃশ্য দেখা যায়।

NASA জানাচ্ছে, Paraselene সাধারণত চাঁদ থেকে প্রায় ২২ ডিগ্রি বা তার বেশি কোণে দেখা যায়। এগুলো চাঁদের চেয়ে অনেক অনুজ্জ্বল হয় এবং চাঁদ যখন দিগন্তের কাছাকাছি থাকে, তখন এগুলো সবচেয়ে সহজে পর্যবেক্ষণ করা যায়। কারণ আলোর তীব্রতা কমে যাওয়ায় চারপাশের চাঁদের অবয়ব আরও স্পষ্ট ভাবে দৃশ্যমান হয়।

Post a Comment

Previous Post Next Post