শীর্ষে আয়ুব, বরুণের ঘাড়ে নিশ্বাস আব্রারের, ICC র‍্যাঙ্কিংয়ে দাপট পাকিস্তানের


টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তান ম্যাচ খেলবে কি না, সেটা সময়ই বলবে। এই নিয়ে দড়ি টানাটানি চলছে ICC ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে। তবে বিশ্বকাপের আগে প্লেয়ারদের পারফর্ম্যান্সে স্বস্তিতে পাকিস্তান শিবির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ় জিতেছে পাকিস্তান দল। ভালো পারফর্ম করে নজর কেড়েছেন সায়িম আয়ুব, আব্রার আহমেদ, মহম্মদ নওয়াজ়রা। এ বার সেই সাফল্যের পুরস্কার মিলল। টি-টোয়েন্টিতে ICC র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠে এলেন সায়িম আয়ুব। বোলারদের মধ্যে দুইয়ে উঠে এসে বরুণ চক্রবর্তীর ঘাড়ে নিশ্বাস ফেলছেন আব্রার আহমেদ।

শীর্ষস্থান দখল সায়িম আয়ুবের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে তিন ম্যাচে মোট ১১৯ রান করেছেন সায়িম আয়ুব। এর মধ্যে রয়েছে একটি হাফ সেঞ্চুরি ও একটি ৪০ রানের লড়াকু ইনিংস। বল হাতে সায়িম নিয়েছেন তিনটি উইকেট। এই পারফর্ম্যান্সের পরেই ICC র‍্যাঙ্কিংয়ে ফের ফিরে পেয়েছেন শীর্ষস্থান।

এতদিন অলরাউন্ডারদের তালিকায় একে ছিলেন জ়িম্বাবোয়ের অভিজ্ঞ ক্রিকেটার সিকান্দার রাজা। ২৯০ পয়েন্ট নিয়ে তাঁকে টপকে শীর্ষে উঠে এলেন সায়িম। ২৮৯ পয়েন্ট নিয়ে সিকান্দার নেমে গেলেন দুইয়ে। প্রথম দশে জায়গা করে নিয়েছেন ভারতের ক্রিকেটার শিবম দুবেও। দুই ধাপ উঠে নবম স্থানে রয়েছেন তিনি।

বরুণের ঘাড়ে নিশ্বাস আব্রার আহমেদের
টি-টোয়েন্টিতে বোলারদের তালিকায় দাপট দেখিয়েছেন আব্রার আহমেদ। ৭৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বরুণ চক্রবর্তী। তবে দুই ধাপ উঠে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন আব্রার। এখন তাঁর সংগ্রহ ৭৩৭ পয়েন্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচে নিয়েছেন ছয় উইকেট।

চমক দিয়েছেন মহম্মদ নওয়াজ়। অজ়িদের বিরুদ্ধে তিন ম্যাচ খেলে নিয়েছেন সাত উইকেট। এর মধ্যে শেষ ম্যাচে মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন পাঁচ উইকেট। এই পারফর্ম্যান্সের কারণে ICC র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় আট ধাপ উন্নতি করেছেন। ৬৭২ পয়েন্ট নিয়ে এখন আছেন অষ্টম স্থানে।

Post a Comment

Previous Post Next Post