রবিবার বাজেট ভাষণে নির্মলা বলেন, 'লাখপতি দিদি প্রোগ্রামের সাফল্য দেখেই আমরা মহিলাদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাই। যাতে তাঁরা ঋণনির্ভর জীবিকার গণ্ডি ছেড়ে নিজেরাই উদ্যোগপতি হয়ে উঠতে পারেন। আর সেই লক্ষ্যেই কমিউনিটি বেসড রিটেল আউটলেট SHE মার্ট তৈরি করা হচ্ছে।'
মধ্যবিত্তদের সুরাহা না দিলেও মহিলাদের 'উদ্যোগপতি' হওয়ার স্বপ্ন দেখাতে কসুর করলেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর সেই স্বপ্নপূরণে এ বারের বাজেটে তাঁর হাতিয়ার 'সেলফ–হেল্প অন্ত্রপ্রনিওয়ার্স' (SHE) মার্ট।
কী এই SHE মার্ট?
এটা গ্রামের মহিলাদের তৈরি জিনিসকে বৃহত্তর বাজারে আনার একটা প্রয়াস। ক্লাস্টার লেভেল বা ছোট ছোট এলাকায় গ্রামের মহিলাদের উৎপাদিত পণ্য নিয়ে তৈরি হবে কমিউনিটি বা গোষ্ঠীনির্ভর বাজার। এর ফলে মহিলারা নিজেরাই উদ্যোগপতি হয়ে নিজেদের সামগ্রী বেচতে পারবেন, থাকবে না কোনও মধ্যস্থতাকারী। এর ফলে গ্রামীণ মহিলাদের উৎপাদিত পণ্যের ব্র্যান্ড যেমন তৈরি হবে, তেমনই তাঁদের লাভও থাকবে বেশি। গ্রামের মহিলাদের দীর্ঘস্থায়ী আয় সুনিশ্চিত করে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে শক্তিশালী করতেই এই উদ্যোগ।
বর্তমানে গ্রামোন্নয়ন মন্ত্রকের 'লাখপতি দিদি' প্রকল্পের মাধ্যমে গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের ছোটখাটো ব্যবসা শুরু করতে পারেন। এই মহিলাদের বছরে অন্তত এক লক্ষ টাকা রোজগার নিশ্চিত করাই 'লাখপতি দিদি'র লক্ষ্য। এই প্রকল্পে এলইডি বাল্ব তৈরি, ড্রোন মেরামতি ও হাতের কাজের ট্রেনিং দেওয়া হয় মহিলাদের। সেই মহিলাদের উদ্যোগপতি বানানোর লক্ষ্যেই SHE মার্ট।