নাম ওঠেনি ভোটার লিস্টে, SIR আতঙ্কে মৃত্যু মহিলার, দাবি পরিবারের


এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় সার-এর আতঙ্ককে দায়ী করলেন মৃতার আত্মীয়রা। মৃতার নাম গৌরী বেরা (৬৫), বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার মাকালতলায়। অভিযোগ, বেশ কিছুদিন ধরে তিনি সার নিয়ে আতঙ্কে ছিলেন। শনিবার রাতে তাঁর মৃত্যু হয়।

মৃতা গৌরীর আসল বাড়ি কোচবিহারে। দীর্ঘদিন তিনি ঘুটিয়ারি শরিফের মাকালতলায় আলি বক্স লস্কর নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া ছিলেন। প্রথমে ছেলে সঙ্গে থাকলেও পরে তিনি অন্যত্র চলে যান মাকে ভাড়া বাড়িতে ফেলে রেখে। গৌরী কলকাতায় পরিচারিকার কাজ করতেন এবং ১০ বছরের বেশি সময় ঘুটিয়ারি শরিফের ওই ভাড়া বাড়িতে থাকতেন। সার-এর প্রক্রিয়া শুরু হলে তিনি ভেঙে পড়েন। স্থানীয়দের জানান, তাঁর কাছে কোনও ভোটার কার্ড নেই, ভোটার লিস্টে তাঁর নামও নেই। পুলিশ তাঁকে ধরে নিয়ে যেতে পারে এমন আতঙ্কে ভুগছিলেন তিনি।

পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে যোগাযোগ না থাকায় সেই তথ্য দেখিয়ে ভোটার লিস্টে নাম তুলতে পারেননি তিনি। কিছুদিন ধরে তিনি ছোটাছুটি করছিলেন ভোটার কার্ড, আধার কার্ড ও অন্যান্য সরকারি নথিপত্র তৈরি করার জন্য। বাড়ির মালিক তাঁকে বারবার আশ্বস্ত করলেও তিনি সন্ত্রস্ত হয়ে পড়ছিলেন। এই আতঙ্কের জেরেই তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। শনিবার রাতে ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়। নারায়ণপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন লস্করের দাবি, 'বেশ কিছুদিন ধরে ওই বৃদ্ধা অস্বাভাবিক আচরণ করছিলেন। আমার ধারণা আতঙ্কের জেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে ওঁর মৃত্যু হয়েছে।'

Post a Comment

Previous Post Next Post