হানি সিং বলে কথা। যার গানের সুরে মেতে ওঠেন ভক্তবৃন্দ। দিল্লিতে হানি সিংয়ের একটি শো চলাকালীন ব্যাপার বিশৃঙ্খলা দেখা দেয়। শো চলাকালীন দর্শক ও আয়োজনকারী সংস্থার সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অনুষ্ঠান থামিয়ে দেন গায়ক। পরে অবশ্য আবারও অনুষ্ঠান শুরু করেন।
জানা গিয়েছে, শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে হানি সিংয়ের কনসার্ট ছিল। ওই অনুষ্ঠানে ঢোকার সময় সমস্যার সূত্রপাত। অভিযোগ সেই সময় ভিআইপি জোনে ঢোকা এবং বসার জায়গা নিয়ে একদল দর্শক অশান্তি শুরু করেন। তা সামাল দিতে এগিয়ে যান আয়োজনকারী সংস্থার সদস্যরা। প্রথমে বুঝিয়ে বলার চেষ্টা করেন তাঁরা। অভিযোগ, আয়োজনকারী সংস্থার সদস্যদের কথায় কোনও কাজ হয়নি। পরিবর্তে দু’পক্ষের মধ্যে অশান্তি ক্রমশ বিরাটাকার নিতে থাকে। একসময় অশান্তি একেবারে মঞ্চের অদূরে পৌঁছে যায়।
স্বাভাবিকভাবেই কনসার্টে উপস্থিত দর্শকরা আতঙ্কিত হয়ে পড়েন। এদিকে, সেই সময় আবার মঞ্চে উপস্থিত ছিলেন হানি সিং। তিনি অনুষ্ঠান করছিলেন। অশান্তির জেরে কিছুক্ষণ অনুষ্ঠান থামিয়ে দেন গায়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বলিউডের ‘দেশি কালাকার’ আবার অনুষ্ঠান শুরু করেন। এই মুহূর্তে হানি সিং ব্যস্ত ‘মাই ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে। দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠান করছেন তিনি। শনিবার ‘ওয়ার্ল্ড ট্যুরে’র অংশ হিসাবে দিল্লিতে অনুষ্ঠান করেন। আগামী ২১ মার্চ, আহমেদাবাদে অনুষ্ঠান রয়েছে তাঁর। ২৮ মার্চ মুম্বই এবং আগামী ৪ এপ্রিল পুনেতে অনুষ্ঠান রয়েছে হানির। ১১ এপ্রিল কোটা, ২৫ এপ্রিল ইন্দোর, ২ মে লখনউতে অনুষ্ঠান করবেন ‘দেশি কালাকার’।