এবার বামেদের শ্লোগান - 'বামপন্থার পুনরুত্থান'
হ্যাঁ, এমন রাজনৈতিক পতন কল্পনা করা যায় না। ৩৪ বছর শাসনের পরে হঠাৎ একটা দলের সিট সংখ্যা 'শূন্য'। এবার আবার ফিরে আসার স্বপ্ন দেখছেন বামেরা। যতদূর খবর,
সোমবার বামফ্রন্টের তরফে প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এমনটাই জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিকে, আইএসএফ-এর সঙ্গে জোটের ভবিষ্যত কী, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী অবশ্য আগেই স্পষ্ট করেছিলেন জোট হচ্ছে। তবে, আসন সমঝোতা নিয়ে কোনও রফাসূত্র মিলছিল না বলেই খবর। শুধু তাই নয়, বামফ্রন্টের শরিক দল ফরওয়ার্ড ব্লকও আইএসএফ-এর সঙ্গে জোটে রাজি ছিল না। এই আবহে সোমবার প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে বিমান বসু জানিয়ে দিলেন জোট নয়। সর্বব্যাপক লড়াইয়ের লক্ষ্যে একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছেন তাঁরা।
কাঁচরাপাড়ায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, সোমবার বামফ্রন্ট একটা প্রাথমিক তালিকা প্রকাশ করবে। এরপরই জোট প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে বিমান বসু বলেন, “আমরা যে বোঝাপড়া করেছি তা একটা বামফ্রন্টগতভাবে। আর একটা বামফ্রন্টের সহযোগী। আমাদের স্লোগান হল বামপন্থার পুনরুত্থান। স্বাভাবিক ভাবে আমাদের এই কাজটা করতে সময় লাগছে। তবে আর অল্প দিনের মধ্য আমরা তা নিষ্পত্তি করে ফেলত পারব।” আইএসএফ-এর সঙ্গে জোট নিয়ে কিছুই স্পষ্ট করেননি এদিন। বিমান বসু বলেন, “বারবার বলছি, বামফ্রন্ট আছে । বামফ্রন্ট অন্য বামপন্থীদের সঙ্গে বোঝাপড়া করছে। কারণ বামপন্থী ঐক্য চাই। এবং বামের বাইরেও যাঁরা রয়েছেন, তাঁদের সঙ্গে আসন সমঝোতা করতে চাই। এটাকে জোট বলে না। তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে সর্বব্যাপক লড়াই করার দৃষ্টিভঙ্গিতে আমরা কমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি।”