এক মাস অতিক্রম করতে চললো মধ্যেপ্রাচ্যের যুদ্ধ। যুদ্ধ বন্ধ হওয়ার কোনো খবর তো নেই বরং বেড়েই চলেছে। এবার ট্রাম্প তাদের সম্পূর্ণ প্ৰশিক্ষিত ৩৫০০ জন সেনাকে পাঠিয়েছে ইরানের দিকে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর তরফে জানানো হয়েছে, ২,৫০০ মেরিন আর্মি নিয়ে আধুনিক যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি নির্ধারিত অপারেশনাল জোনে পৌঁছে গিয়েছে। পেন্টাগন ইরানের ভিতরে ঢুকে স্থলাভিযানের জন্যও প্রস্তুতি নিয়ে ফেলেছে বলে দাবি করা হচ্ছে। স্থল অভিযান করতে ৩,৫০০-এরও বেশি সেনা মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়েছে। মার্কিন সেনার আধিকারিকদের উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্টে দাবি করা হয়েছে , পেন্টাগন কয়েক সপ্তাহব্যাপী একটি স্থল অভিযানের পরিকল্পনা করছে। এই অভিযানে স্পেশাল টাস্ক ফোর্স ও পদাতিক আর্মিও থাকতে পারে। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই হাতে।
অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি প্রায় ২,৫০০ মেরিন আর্মিকে নিয়ে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এই ইউনিটটি এর আগে জাপানে মোতায়েন ছিল এবং তাইওয়ানের আশেপাশে মহড়া চালাচ্ছিল। তবে প্রায় দুই সপ্তাহ আগে এদেরকে মধ্যপ্রাচ্যে যাওয়ার আদেশ দেওয়া হয়। উল্লেখ্য, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় ১০ জন মার্কিন সেনা আহত হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে উঠেছে। এছাড়াও হরমুজ প্রণালীতে ইরানের ব্লক বিশ্বজুড়ে তেল সঙ্কট সৃষ্টি করেছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কার্যকলাপও বাব আল-মানদেবের মতো ট্রেড রুটগুলিকে অশান্ত করে তুলেছে। ফলে আমেরিকা এবার বড় পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।