দুর্গাপুরে ডেঙ্গিতে মৃত্যু ১, সজাগ প্রশাসন..

দুর্গাপুর: দুর্গাপুরে হালকা গরম পড়তেই ফের ডেঙ্গুর প্রকোপ। আর তার মধ্যেই এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দুর্গাপুরের ইস্পাত নগরীর সেকেন্ডারির এলাকায়। মৃত ব্যক্তির নাম মনোজ কুমার দাস , বয়স ৪৬, তিনি ওই এলাকারই বাসিন্দা। চলতি মাসের ১৫ তারিখে তাঁর মৃত্যু হয়। স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানা গিয়েছে, দোল উৎসবের সময় থেকেই তিনি জ্বরে ভুগছিলেন। প্রথমদিকে সাধারণ জ্বর বলে মনে হলেও ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। জ্বর বাড়ার পাশাপাশি তাঁর মুখ ও নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে। এরপর ১৩তারিখ তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চললেও শেষ রক্ষা হয়নি, ১৫ই মার্চ তিনি মারা যান। জানা গেছে, তিনি পানাগড়ের একটি বেসরকারি ক্লিনিকে কাজ করতেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে রাজ্য নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকরা মৃতের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গোটা এলাকার স্প্রে করা হয় এবং মানুষজনকে সচেতন করা হয়।। রাজ্য নগর উন্নয়ন দপ্তরের সার্ভে কর্মী কবিতা চৌধুরী জানান, “মৃত্যুর কারণ হিসাবে ডেঙ্গু উল্লেখ করা হয়েছে। উনি বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন, তারপরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। আমরা পুরো এলাকাকে নজরদারির মধ্যে রেখেছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

Post a Comment

Previous Post Next Post