অন্ধ্রপ্রদেশরের পুলিশ এসে মীর আসিফকে গ্রেফতার করে অন্ধ্র প্রদেশে নিয়ে যায়। তাদের অভিযোগ ও বিভিন্ন জঙ্গি কার্য কলাপের সঙ্গে যুক্ত।তদন্তকারীরা তেলেঙ্গানায় ধৃত তিন জঙ্গির মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া ঘেঁটে আসিফের নাম জানতে পারেন। তার এক্স হ্যান্ডেলে একে সিরিজের রাইফেল হাতে একটি ছবিও নজরে আসে। এছাড়াও বিভিন্নভাবে দেশবিরোধী কার্যকলাপ নজরে আসে পুলিশের। যার ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। গ্রেফতারের পর আসিফকে খাতড়া মহকুমা আদালতে তোলা হলে বিচারকের নির্দেশে তাকে ট্রানজিট রিমান্ডে অন্ধ্রপ্রদেশে নিয়ে যাওয়া হয়েছে।
তার বিরুদ্ধে দেশবিরোধী একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।এদিকে, ধৃতের পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। পরিবারের দাবি, আসিফ নির্দোষ এবং এই ধরনের কোনো কাজের সঙ্গে তার যুক্ত থাকার বিষয়টি তাদের অজানা। শুক্রবার তার বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলের গ্রেফতারের খবরে ভেঙে পড়েছেন মা। পরিবার সূত্রে জানা গিয়েছে, আসিফ উচ্চমাধ্যমিক পাশ করার পর বিভিন্ন ব্যবসার চেষ্টা করলেও সফল হননি। আর্থিক অনটনের কারণে পরে কাজের সন্ধানে দিল্লিতে আত্মীয়দের সঙ্গে ভিনরাজ্যে যান। পরিবারের অভিযোগ, গভীর রাতে পুলিশ বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়ে তাকে তুলে নিয়ে যায়। তার বাবা ও জেঠু ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং দ্রুত ছেলের মুক্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে, বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু না বলা হলেও জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশ পুলিশের চার সদস্যের একটি দল এসেছিল এবং তাদের সহযোগিতায় এই অভিযান চালানো হয়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীরা এখন ধৃতের সম্ভাব্য জঙ্গি যোগ সহ নেটওয়ার্ক খতিয়ে দেখছেন।