অরুণোদয়ের মৃত্যুতে প্রতিবাদ মিছিল আগামীকাল, 'জাস্টিস ফর রাহুল'-এর ডাক আসলে কারা দিয়েছেন?


কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee)-এর মৃত্যু যেন নাড়িয়ে দিয়েছে গোটা টলিউডকে! তালসারিতে আউটডোরের শ্যুটিং করতে গিয়ে সমুদ্রের জলে তলিয়ে যাওয়ার ঘটনা যেন এখনও বিশ্বাস করতে পারছেন না কেউই। ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'-র শ্যুটিং করতে তালসারি গিয়েছিলেন অভিনেতা। সেখানেই শ্যুটিং চলাকালীন সমুদ্রের জলে পড়ে যান নায়িকা শ্বেতা মিশ্র ও রাহুল। অভিনেত্রীকে উদ্ধার করা গেলেও, তলিয়ে যান রাহুল। তাঁকে উদ্ধার করা যায়নি সঙ্গে সঙ্গে।

ময়নাতদন্ত রিপোর্ট বলছে, ১ ঘণ্টার ও বেশি সময় ধরে জলে ডুবেছিলেন রাহুল। সেই কারণেই তাঁর শরীরের বিভিন্ন অংশে ঢুকে গিয়েছিল প্রচুর পরিমাণে বালি ও নোনা জল। তবে রাহুলের মৃত্যু নিয়ে ঘনীভূত হয়েছে একাধিক রহস্য। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে, শ্যুটিংয়ের সময়ে যাঁরা যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের প্রত্যেকের বয়ানই কার্যত পরস্পর বিরোধী। প্রকাশ্যে কথা বলেননি সেদিনকার দুর্ঘটনায় রাহুলের সবচেয়ে কাছাকাছি থাকা ব্যক্তি, শ্বেতা মিশ্র ও। তবে এই ঘটনার জন্য রাজ্য মহিলা কমিশন থেকে সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন লীনা গঙ্গোপাধ্যায়ের। মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ ছাড়তে চেয়েছেন তিনি। 'ম্যাজিক মোমেন্টসে'র তরফে বিবৃতি দিয়ে এমনটাই জানানো হয়েছে। 

কীভাবে রাহুলের মৃত্যু, এই মৃত্যুর কারণ কী গাফিলতি.. এমন অনেকগুলি প্রশ্নই উঠে আসছে। আর এই পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে 'জাস্টিস ফর রাহুল' (Justice For Rahul)-এর পোস্টার। শনিবার, অর্থাৎ আগামীকাল বিকেল ৪টের সময় একটি জমায়েতের ডাক দেওয়া হয়েছে। অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক, সাধারণ মানুষদেরও ডাক দেওয়া হয়েছে এই মিছিলে পা মেলানোর জন্য। তবে সোশ্যাল মিডিয়ায় একটা প্রশ্ন বারে বারেই ঘুরে বেড়াচ্ছে, এই মিছিলের ডাক দিলেন কে?

যে কার্ড সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে, তাতে কোনও সংস্থা বা ফোরামের নাম নেই। তাহলে কারা এই মিছিলে পা মেলাবেন? বহু অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক, প্রযোজকেরা... অনেকেই এই পোস্টার শেয়ার করে নিয়েছেন। এই মিছিলে তাঁরাও পা মেলাবেন বলে উল্লেখ করেছেন। তবে আজ সোশ্যাল মিডিয়ায় কারা এই প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। টেকনিশিয়ান্স স্টুডিও থেকে শুরু হবে এই মিছিল। এদিন একাধিক প্রোফাইল থেকে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, এই উদ্যোগ নাগরিক সমাজের। কাউকে অফিশিয়ালি আমন্ত্রণ জানানো হবে না। যাঁরা রাহুলকে নিজের বন্ধু বলে মনে করেছেন, আত্মজন বলে মনে করেছেন, তাঁরাই এই মিছিলে পা মেলাতে পারেন। 

এদিন রানা সরকার 'জাস্টিস ফর রাহুল'-এর পোস্টটি শেয়ার করে লেখেন, 'রাহুলের বন্ধুরা organise করেছে...যাদের মনে প্রশ্ন তাদের কাছে স্পষ্ট হওয়া দরকার। Officially কাউকে আহ্বান জানানোর কেউ নেই , এটা নাগরিক সমাজের উদ্যোগ। রাহুলের 46 জন বন্ধু ও সহকর্মী চিঠি দিয়ে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, ইম্পা ও সমস্ত টেলিভিশন প্রযোজককে অনুরোধ করেছে যাতে 4th April শনিবার 4pm থেকে শ্যুটিং বন্ধ রাখা হয়।'

Post a Comment

Previous Post Next Post