মধ্যপ্রাচ্যের যুদ্ধ ৩৫ দিন হয়ে গেলেও যুদ্ধকে নিয়ন্ত্রণ করতে পারছে না ট্রাম্প। বরং যুদ্ধ চলে যাচ্ছে অনেকটাই ইরানের হাতে। এই পরিস্থিতিতে ট্রাম্পের গলার কাঁটা হরমুজ প্রণালী। নিজের ঘনিষ্ঠমহলে সে কথা জানিয়েছেনও তিনি। মার্কিন প্রেসিডেন্টের মতে, বলপূর্বক হরমুজের ‘তালা’ খুলতে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। শুধু তা-ই নয়, এই সংঘাত আরও দীর্ঘ হতে পারে। ট্রাম্প প্রথামিকভাবে অনুমান করেছিলেন, ইরান যুদ্ধ চার সপ্তাহের মধ্যে গুটিয়ে যাবে। কিন্তু একমাস পেরিয়ে গেলেও এখনও যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। যুদ্ধের একমাস পার। এখনও ‘তৈল ধমনী’ হরমুজ রুদ্ধ করে রেখেছে ইরান। এদিকে আগামী ৬ এপ্রিল শেষ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া চরমসীমা। সে কথা মনে করিয়ে ট্রাম্প ফের হুমকি দিলেন ইরানকে। বললেন, “৪৮ ঘণ্টার হরমুজ না খুললে নরক নেমে আসবে।”
শনিবার ট্রাম্প তাঁর সমাজমাধ্যম ট্রুথ সোশালে লেখেন, ‘ইরানকে আমি দশ দিনের সময়সীমা দিয়েছিলাম। হয় হরমুজ মুক্ত করুন না হলে চুক্তি করুন। ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে। আর ৪৮ ঘণ্টা বাকি রয়েছে। এর মধ্যে হরমুজ না খুললে ইরানের উপর নরক নেমে আসবে।’ প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলছে ইরানের সঙ্গে আমেরিকা এবং ইজরায়েলের যুদ্ধ। ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ অবরুদ্ধ করে গোটা বিশ্বের উপর আরও চাপ বাড়িয়ে যাবে তেহরান। তেমনটাই হচ্ছে। হরমুজ বন্ধের জেরে বিশ্বব্যাপী গ্যাস সংকট দেখা দিয়েছে। তবে এমন হুঙ্কার দেওয়া সত্ত্বেও ‘বন্ধু’ ভারতকে আলাদা ‘ছাড়পত্র’ দিয়েছে ইরান। কিন্তু হরমুজ মুক্ত করা নিয়ে ইরানকে বারবার হুঁশিয়ারি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।