ভাবানীপুরে মমতার বাড়ির সামনে অমিত শাহর উপস্থিতিতে সম্মুখ সমরে তৃণমূল ও বিজেপি

আজ, বৃহস্পতিবার শুভেন্দুর মনোনয়ন পত্র জমা দেবার সঙ্গে ছিলেন দেশের স্বরাষ্ট্রেমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে তার পূর্ব ঘোষিত অনুষ্ঠান ছিল রোড শো। কিন্তু তাতেই গন্ডগোল বাড়িয়ে দিলো তৃণমূলের কর্মীরা। বিজেপির রোড শো ঘিরে ব্যাপক উত্তেজনা কালীঘাট চত্বরে। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনের গলির কাছে রোড শো পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করে। ওঠে ‘জয় বাংলা’ স্লোগান। দেওয়া হয় ‘চোর-চোর’ স্লোগানও। পালটা স্লোগান দিতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। স্লোগান পালটা স্লোগানকে কেন্দ্র করে পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভের আকার নেয়। কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। শুধু তাই নয়, এই পরিস্থিতিতে ছাদ খোলা গাড়ি থেকে নেমে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেমে কনভয়ের অন্য একটি গাড়িতে চাপতে হয় তাঁকে। 

আর এই উত্তেজনার মধ্যেই সার্ভে বিল্ডিংয়ে শাহকে পাশে নিয়েই মনোনয়ন দাখিল করেন ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই ‘হাইভোল্টেজ’ ভবানীপুরে উত্তেজনার পারদ চড়ছে। একদিকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার মনোনয়ন জমা দেন শুভেন্দু অধিকারী। রোড শো করে সার্ভে বিল্ডিংয়ে যান তিনি। সেই রোড শো’তেই এদিন উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির এই কর্মসূচির পালটা সকাল থেকেই ভবানীপুরে তৃণমূল কর্মী সমর্থকদের জমায়েত শুরু হয়। বিভিন্ন জায়গায় কালো পতাকা হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। নাগরিক মহল মনে করছে, এভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করলে রাজনৈতিক উত্তেজনা আরো বাড়বে।

Post a Comment

Previous Post Next Post