আগামী ১ জুন থেকে রাজ্যে সব সরকারি বাসে বিনা পয়সায় যাতায়াতের সুযোগ পাবেন মহিলারা— সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরেই পরিবহণ দপ্তর প্রয়োজনীয় গাইডলাইন তৈরির প্রস্তুতি নিচ্ছে।পরিবহণ দপ্তর সূত্রের খবর, নিখরচায় সরকারি বাসে যাতায়াতের জন্য মূল শর্ত হলো তাঁকে রাজ্যের বাসিন্দা হতে হবে। এর জন্য সংশ্লিষ্ট মহিলা যাত্রীকে ভোটার কার্ড বা আধার কার্ড বা যে কোনও সরকারি পরিচয়পত্র দেখাতে হবে, যাতে প্রমাণ হয় তিনি এ রাজ্যের নাগরিক। যদিও এই শর্ত নিয়ে প্রশ্ন রয়েছে প্রশাসনের অন্দরেই।সূত্রের খবর, মহিলাদের কাছে সরকারি বাসে ওঠার জন্য ভাড়া না নিলেও দেওয়া হবে টিকিট। এই টিকিট হবে ‘শূন্য’ টাকা মূল্যের। সব বাসে যাতে মহিলাদের সঙ্গে সংযত আচরণ করা হয়, তার জন্য সরকারি বাসের ড্রাইভার ও কন্ডাক্টরদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে। নজর দেওয়া হবে, মহিলারা যেন কোনও দুর্ব্যবহারের শিকার না হন। মহিলাদের এর জন্য কার্ড দেওয়ার পরিকল্পনাও রয়েছে রাজ্যের। তথ্য–সংস্কৃতি দপ্তরের মাধ্যমে জেলা থেকে ব্লকে প্রচার কর্মসূচি চালাতে বলা হয়েছে। জেলাশাসকরাও এই প্রচার কর্মসূচিতে অংশ নেবেন।