কলকাতা: ভোটের আগে নানান আর্থিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এর মধ্যে ছিল মহিলাদের জন্য মাসে ৩০০০ টাকা। এ ছাড়াও রয়েছে বেকার যুবক-যুবতীদের জন্য বিশেষ সুবিধা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে থাকা একাধিক সামাজিক চালু থাকা প্রকল্প বিজেপি সরকারের জমানাতেও থাকবে, এদিন বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর এমন সিদ্ধান্তই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।
শুভেন্দু অধিকারী বলেন, 'প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছিলেন, তা পালন করবে এই সরকার। আগে থেকে চালু কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না'। প্রথম মন্ত্রিসভা বৈঠকের পরেই স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। 'কোনও বিদেশির এই প্রকল্পের সুবিধে পাওয়া উচিত নয়', এমনটাও জানিয়ে দিলেন।
তিনি বলেন, ১০ বছর, ৩০ বছর আগের প্রকল্প সব চালু থাকবে। পোর্টালও আপডেট হবে। যা কাজ পরে আছে সেগুলি সব হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এও বলেন, 'আজ থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হল পশ্চিমবঙ্গ। প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও। কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেপারলেস অফিস করব। সমস্ত সুবিধাভোগীরা ডিবিটির মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে কাজ হবে। তবে কোনও মৃত ব্যক্তি, বা বাইরের ব্যক্তি যাতে এই সুবিধা না পায় সেদিকটিও দেখা হবে।'