অন্নপূর্ণার ভাণ্ডার কি সবাই পাবেন ? কী বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ?


কলকাতা : কারা পাবেন অন্নপূর্ণার ভাণ্ডার (Annapurnar Bhandar) ? কারো নাম কি বাদ যাবে ? এনিয়ে চর্চা চলছেই। এবিষয়ে এবার খোলসা করলেন রাজ্যে নতুন দায়িত্বপ্রাপ্ত পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর শপথ নেওয়া পাঁচ মন্ত্রীর দফতর বণ্টন করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।

এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে প্রশ্ন করা হয়, অন্নপূর্ণার ভাণ্ডার কি সবাই পাবেন ? এর উত্তরে তিনি বলেন, "সবাই পাবেন। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেওয়ার আগে, ১ জুন...মুখ্যমন্ত্রী বলেছেন, ১ জুন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু, তার আগে আমরা একটা অ্যানালিসিস করতে চাই, যাদের যাদের নাম কাটা গেছে তাঁরা যদি কেউ পান তাহলে তো তাঁদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন, তাঁর পাওয়ার কথা নয়। যিনি আমাদের দেশের নাগরিক নন, তাঁর পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসিটা হবে, যাদের যাদের নাম কাটা গেছে তাঁদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। তাঁদের নাম বাদ যাবে।" 
এর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তৃণমূল কংগ্রেসকে একাধিক ভোটে ডিভিডেন্ট দিয়েছে। শুধু তা-ই নয়, এই নিয়ে এবার বিধানসভা নির্বাচনেরে একের পর এক সভায় বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় , অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। লক্ষ্মীর ভাণ্ডার সারাজীবন চলবে বলে মন্তব্যও করেন তৃণমূলনেত্রী। অন্যদিকে, পাল্টা অন্নপূর্ণার ভাণ্ডার নিয়ে প্রচার চালিয়ে গেছে বিজেপি। সেই প্রকল্পই এবার চালু করার কথা জানিয়ে দিয়েছে রাজ্যের নতুন সরকার। ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে ঢুকে যাবে।
কিন্তু, এই পরিস্থিতিতে একটা প্রশ্ন উঠছে, লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন তাঁদের অন্নপূর্ণ ভাণ্ডার পাওয়ার জন্য আবার ফর্ম ফিলআপ করতে হবে ? এর উত্তরে বালির বিজেপির জয়ী প্রার্থী সঞ্জয় সিং বলেন, "এটা উনি ((মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী) কিছু ক্লিয়ার করেননি। কিন্তু, এটার জন্য যারা পাচ্ছেন পাবেন, তার ভেরিফিকেশন হবে। কারণ, বহু ভুয়ো লোক পাচ্ছেন। আর বহু লোক...যাদের পাওয়া উচিত তাঁরা কিন্তু পাচ্ছেন না। আবাস যোজনার ক্ষেত্রেও একই হয়েছে। আবাস যোজনায় নিজের লোককে আবাস দেওয়ার কাজ হয়েছে। সেইজন্যও আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন করেছি। যে, এটাও একটু ভেরিফিকেশন হোক। যাদের পাওয়া উচিত তাঁরাই এটা পাক। যারা অলরেডি পেয়ে গেছেন, তাঁদের জন্য ভেরিফিকেশন হোক।"

Post a Comment

Previous Post Next Post