ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ


কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির সঙ্গে এসএফআই-সহ বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যে তুলকালাম। ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও কেন জিবি মিটিং করা হল? এই নিয়ে বড় অশান্তির সূত্রপাত। ABVP বনাম SFI-সহ একাধিক বাম ছাত্র সংগঠনের সংঘর্ষের জেরে রাতভর উত্তপ্ত হয়ে রইল যাদবপুর চত্বর।  অরবিন্দ ভবনের সামনে SFI-এর পোস্টারে আগুন ধরানো হল ।
বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও জেনারেল বডি মিটিং ডাকার এক্তিয়ার কীভাবে হল? এই ইস্যু নিয়েই বাঁধে অশান্তি।  এবিভিপির সঙ্গে এসএফআই-সহ বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যে তুলকালাম বেঁধে যায়। মূলত বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সভাকে কেন্দ্র করেই শুরু হয় দ্বন্দ্ব । প্রতিবাদ করতে যান এবিভিপি সমর্থকরা। তখনই এবিভিপির সঙ্গে এসএফআই-সহ বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যে বড়সড় অশান্তি বাঁধে। 
এবিভিপির অভিযোগ, তাঁরা প্রতিবাদ জানাতে গেলেই উত্তেজনা ছড়ায়। তাঁদের সমর্থকদের উপর চড়াও হয় SFI-সহ বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থকরা। ABVP সমর্থকদের উদ্দেশে জাতি বিদ্বেষমূলক মন্তব্য করা হয় বলে  অভিযোগ। এরপর পাল্টা ABVP সমর্থকরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েন। SFI-সহ বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থকদের উপর তাঁরা চড়াও হন বলে অভিযোগ। গভীর রাতের এই ঘটনায় তাঁদের ৬-৭ জন সমর্থক আহত হয়েছেন বলে দাবি ABVP-র। আহতদের KPC মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে পৌঁছন বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এরপর তাঁর নেতৃত্বে BJP ও ABVP সমর্থকরা যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভে উপস্থিত ছিলেন ABVP-র কেন্দ্রীয় কমিটির সদস্য শুভব্রত অধিকারী এবং রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য।

বাম ছাত্র সংগঠনের সদস্যদের অভিযোগ, রাত সাড়ে ১২টা নাগাদ একদল ABVP সমর্থক যাদবপুর থানা থেকে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের দিকে এগিয়ে যান। তাঁরা বিশ্ববিদ্যালয়ের বন্ধ গেট ধাক্কা দিয়ে খুলে ভিতরে ঢুকে পড়েন। এরপর SFI-সহ অন্যান্য ছাত্র সংগঠনের পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। বাম ছাত্র সংগঠনের তরফে অভিযোগ, এবিভিপি সমর্থকরা বিশ্ববিদ্যালয়ে ঢোকার পর উপাচার্যের দফতর অরবিন্দ ভবনের দিকে এগিয়ে যান। পথে অরবিন্দ ভবনের পিছনের মাঠে বসে থাকা কয়েকজন পড়ুয়াকে ধাওয়া করার অভিযোগ ওঠে। ওই পড়ুয়ারা অরবিন্দ ভবনে আশ্রয় নেন। ABVP-র অভিযোগ, অরবিন্দ ভবনে যাওয়ার আগে ওই পড়ুয়ারাই তাঁদের সমর্থকদের মারধর করেছিলেন। যদিও পাল্টা অরবিন্দ ভবনে আশ্রয় নেওয়া পড়ুয়াদের অভিযোগ, তাঁদের উপরই ABVP সমর্থকরা হামলা চালান।

গভীর রাতে অরবিন্দ ভবনের সামনের এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। SFI-সহ অন্যান্য ছাত্র সংগঠনের ফেস্টুন ও পতাকায় আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অন্যদিকে, অরবিন্দ ভবনের ভিতরে থাকা পড়ুয়ারা বন্ধ গেট ধরে ঝাঁকাতে থাকেন বলে অভিযোগ ABVP-র। ভিতর থেকে তাঁদের লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে বলেও দাবি ABVP-র। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অরবিন্দ ভবনে আশ্রয় নেওয়া পড়ুয়ারা।

রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার প্রতিবাদে ABVP নেতৃত্ব ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর হুঁশিয়ারি দিয়েছে। আজ দুপুর ১২টায় গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দিয়েছে ABVP। 




Post a Comment

Previous Post Next Post