কলকাতা: দুর্ঘটনার মুখোমুখি অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Jaayjeet Banerjee), সোশ্যাল মিডিয়ায় স্টেটাস শেয়ার করে গোটা বিষয়টা জানিয়েছেন অভিনেতা। টালিগঞ্জ করুণাময়ী ব্রিজ থেকে নামার সময়ে অভিনেতার গাড়িতে ধাক্কা মারে বেপরোয়া গতির একটি লরি। গাড়ির সামনে সিটে বসে থাকায়, গুরুতর আঘাত লাগেনি অভিনেতার, তবে পিছনের সিটে বসে থাকলে ঘটতে পারত বড় দুর্ঘটনা! গোটা বিষয়টা পুলিশে অভিযোগ জানিয়েছেন অভিনেতা। তাঁর অভিযোগ, যে লরিচালক তাঁর গাড়িতে ধাক্কা মারেন, তিনি সম্ভবত বেসামাল হয়েই ঘটনাটি ঘটিয়েছেন।
দুর্ঘটনার কবলে জয়জিৎ, ঠিক কী ঘটেছে অভিনেতার সঙ্গে?
গোটা ঘটনা নিয়ে জয়জিৎ বলছেন, 'একটা পথ দুর্ঘটনা সম্মুখীন হলাম টালিগঞ্জ করুণাময়ী ব্রিজ থেকে নামার সময় (হরিদেবপুরের দিকে )। আমার গাড়ির সারথি সঠিক ভাবেই গাড়ি চালাচ্ছিলেন। গাড়ির ডানদিকটা ক্ষতিগ্রস্ত হল লরির ধাক্কায়। লরির সারথি সুস্থ ছিলেন না, সেটা তাঁর ফাঁকা রাস্তায় বেসামাল গাড়ি চালানো দেখেই বোঝা যায়। গোটা ঘটনার অভিযোগ জানাতে নিকটবর্তী থানায় গিয়েছিলাম। হরিদেবপুর থানা MCR করে ছেড়ে দিল। ভাগ্যক্রমে আমি সামনের সিটে বসেছিলাম। পেছনের সিটে বসে থাকলে, আঘাত লাগতেই পারত। এই লরিটি কতদূর যাবে, জানি না। সামনের পথে এইরকম বা এর থেকেও ভয়াবহ কোনও দুর্ঘটনা ঘটতেই পারে। আমার না হয় গাড়িতে লেগেছে, কিন্তু লরির চালকের বেপরোয়া গাড়ি চালানোর জন্য, আর এইরকম পথ দুর্ঘটনা বা জীবনহানিও ঘটতে পারে। CCTV-তে মোড়া শহরে আশা করেছিলাম, পুলিশ CCTV ফুটেজ দেখে লরিটি চিহ্নিত করতে চেষ্টা করবে। চেষ্টার কোনো তৎপরতা চোখে পড়ল না সেই সময়ে । তৎপর হলে, তাতে একটু সাবধান থাকা যেত। Kolkata Police এর ওপর আমার ভরসা অটুট। দেখা যাক তারা কি করে।'
অভিনেতা জানিয়েছেন, তিনি সুস্থই রয়েছেন, সৌভাগ্যবশক গুরুতর আঘাত লাগেনি। তবে এই ধরণের ঘটনার কথা, নিরাপত্তার স্বার্থেই তুলে ধরা উচিত বলে মনে করার তিনি। কাজের কথা বললে, জয়জিৎ এখন ছোটপর্দার ধারাবাহিক 'তিলোত্তমা'-র গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন তিনি। চিকিৎসক প্রতাপের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। ছোটপর্দা আর বড়পর্দার বেশ জনপ্রিয় মুখ জয়জিৎ। তাঁর দুর্ঘটনার খবর জানতে পেরে, উদ্বিগ্ন তাঁর অনুরাগীরাও।