স্বামী-স্ত্রীর বিবাদকে কেন্দ্র করে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ উঠল নয়ডায়। পরিবারের সদস্যদের সামনেই এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে মারধর করে খুনের অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মৃত যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিনয় গুপ্ত। বয়স ৩১ বছর। নয়ডায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন তিনি। প্রায় তিন বছর আগে রেখা নামে এক তরুণীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দুই যমজ সন্তান রয়েছে।
পরিবারের দাবি, একটি সন্তানকে ওষুধ দেওয়া নিয়ে ঘটনার দিন স্বামী-স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। এরপর রেখা বাড়ি থেকে বেরিয়ে যান। অভিযোগ, প্রায় ১০ মিনিট পর তিনি তাঁর দুই ভাই, বোন, বাবা, কাকা-সহ আরও কয়েক জনকে নিয়ে ফিরে আসেন। তারপরই বিনয়ের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
বিনয়ের পরিবারের অভিযোগ, তাঁর বাবা-মায়ের সামনেই তাঁকে মারধর করা হয়। পরিবারের সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলা থামেনি বলে দাবি। গুরুতর অসুস্থ অবস্থায় বিনয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতের মায়ের আরও অভিযোগ, ঘটনার আগে বাড়ির সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল। পরিবারের তরফে এই ঘটনাকে পরিকল্পিত হামলা বলে দাবি করা হয়েছে। তবে এই অভিযোগগুলির সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।
ঘটনায় বিনয়ের স্ত্রী রেখা, তাঁর দুই ভাই এবং আরও এক জনকে আটক করেছে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) এবং ৩(৫) ধারায় মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দলও।
পুলিশ গোটা ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ ছিল, হামলার সঙ্গে কারা প্রত্যক্ষ ভাবে যুক্ত এবং এটি পূর্বপরিকল্পিত কি না, তা খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার পূর্ণ চিত্র আরও পরিষ্কার হবে।