কলকাতা : প্রতি মাসে যোগ্য বলে বিবেচিত মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পৌঁছে দেওয়াই লক্ষ্য বিজেপি সরকারের। সেই লক্ষ্যে চলছে কাজ। এর পাশাপাশি 'অন্নপূর্ণা যোজনা বাহিনী' তৈরির কথা বলেছেন মুখ্যমন্ত্রী। কী লক্ষ্য হবে তাঁদের, সেই বিষয়ও স্পষ্ট করে দিয়েছেন
শুভেন্দু অধিকারী। তাঁদের 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী' হিসাবে কাজ করতে বলেছেন। এবিষয়ে দিনকয়েক আগে মুখ্যমন্ত্রী বলেছেন, "উত্তর কলকাতার ৬০টি ওয়ার্ডে এই অন্নপূর্ণা যোজনা বাহিনী ...আপনারা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে নেবেন। সংগঠনের মতো। যাতে আগামীদিনে মহিলার অধিকার এবং মহিলাদের ওপর কোনওরকমের অত্যাচার-অবিচার হলে, আপনারা মা-বোনদের পাশে দাঁড়াতে পারেন এবং টুকরে-টুকরে গ্যাং যারা দেশের মধ্যে থেকে দেশকে দুর্বল করতে চায়...আমাদের স্বদেশ-প্রেম-জাতীয়তাবাদে আঘাত করে চায় তাদের বিরুদ্ধে আপনারা মা মাতঙ্গিনী হাজরার মতো অথবা রানি রাসমনির মতো অথবা প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো আগামীদিনে বীরাঙ্গনার ভূমিকা নেবেন। দেশমাতৃকাকে- রাষ্ট্রকে ভারতীয় সংস্কৃতি-বাঙালি সংস্কৃতি এবং আমাদের যে ঐতিহ্য সেটা রক্ষা করার জন্য। আপনারা পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী হিসাবে কাজ করবেন। আমরা নিশ্চিত, এই রাজ্যের একজনও উপযুক্ত মা-বোন-দিদি আমাদের এই কর্মসূচি বা এই প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হবেন না।"
গত মঙ্গলবার মহাজাতি সদনের ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন, "মাত্র তিন মাসের সরকার আমাদের চলতে চলতে এই বিপুল কর্মযজ্ঞে ভুল-ত্রুটি কিছু থেকে থাকতে পারে। সেটাও সংশোধন হতে হতে আমরা এগোব। প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান সঠিক সময়ে, এটা আমরা চাই। আর যাদের এই অর্থ প্রয়োজন নেই, কোটিপতি...লক্ষপতি...অর্থশালী, আমি আশা করব তাঁরা... এই অর্থ যাতে আর একটি বোন পান, তার সুযোগ তাঁরা করে দেবেন। এটুকুই আমি আপনাদের সকলের কাছে প্রার্থনা করব।" অন্নপূর্ণা যোজনায় টাকা পাওয়ার মাপকাঠিতে যোগ্য হলে কোনও মহিলা বঞ্চিত হবেন না বলে বারবার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এনিয়ে বারবার আশ্বাস দিয়েছেন তিনি। শুধু তা-ই নয়, যোগ্য হওয়ার পরেও কেউ টাকা না পেলে তাঁদের সমস্যার সমাধানের পথও বাতলে দিয়েছেন।
শুভেন্দু অধিকারী বলেছেন, "আমাদের মহিলা মোর্চার কর্মীরা প্রত্যেক মা-বোন-দিদির কাছে গিয়ে...আপনারা ১০ জুলাই, ২০২৬ পর্যন্ত আবেদনকারীদের মধ্যে যদি উপযুক্ত কেউ বঞ্চিত হন, নতুন ফর্ম ফিলআপ করতে হবে না, শুধু ফর্মের নম্বর-অ্যাকাউন্ট নম্বর দিয়ে অভিযোগটা নথিভুক্ত করবেন।"