রাতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে, ১৪ আগস্ট রাত দখলের ডাক দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
স্বাধীনতার ঠিক আগের রাতকে স্মরণীয় করতে মন্ত্রী অগ্নিমিত্রা পালের নতুন উদ্যোগ। মন্ত্রীর প্রধান লক্ষ নারী স্বাধীনতা। রাতে যাতে মহিলারা নিরাপদে যাতায়াত করতে পারে সেই বিষয়ে তিনি খুবই তৎপর। ১৪ অগাস্ট রাত ৯টায় বালিগঞ্জ শিক্ষাসদন থেকে গোলপার্ক পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী। নারী নিরাপত্তা, স্বাধীনভাবে চলাফেরার অধিকার এবং রাতের শহরে মহিলাদের উপস্থিতির বার্তা দিতেই এই কর্মসূচি বলে জানিয়েছেন রাজ্য়ের মন্ত্রী। ১৪ অগাস্ট রাতে ৮ থেকে ৮০ বিভিন্ন বয়সের মহিলাদের মিছিলে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহিলাদের অধিকার ও নিরাপত্তা নিয়ে সুর চড়ান পুরমন্ত্রী। বহু সময় ধরে মহিলাদের পোশাক, বেরোনোর সময় কিংবা জীবনযাত্রার উপর যে সামাজিক বিধিনিষেধ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলে, তার তীব্র প্রতিবাদ জানান তিনি। অগ্নিমিত্রা পাল বলেন, 'কে বলে দেবে কখন বেরোব, কখন ঢুকব, কী পরব? এসব আমরা শুনতে পারব না। মহিলাদের সুরক্ষা ও ভীতিহীন পরিবেশ দেওয়া সরকারের দায়িত্ব।' অতীতে বিভিন্ন অপরাধের ক্ষেত্রে মহিলাদের পোশাক বা চরিত্র নিয়ে প্রশ্ন তোলার মানসিকতাকেও কঠোর ভাষায় আক্রমণ করেন তিনি।
বালিগঞ্জ শিক্ষাসদন স্কুলের সামনে ১৪ অগাস্ট রাত ৯টায় জমায়েত হবে। অগ্নিমিত্রার নেতৃত্বে মিছিল শুরু হবে এবং তা চলবে গোলপার্ক পর্যন্ত। আবার, সেখান থেকে বালিগঞ্জ শিক্ষাসদনে ফিরে মিছিল শেষ হবে। অগ্নিমিত্রা পাল বলেন,‘১৪ তারিখ রাতে সমস্ত মা-বোনেরা আসুন। বালিগঞ্জ শিক্ষাসদনের সামনে রাত ৯টায় আমরা জড়ো হব। ব্রিজের উপর দিয়ে গোলপার্ক পর্যন্ত যাব, সেখান থেকে আবার ব্রিজের নীচ দিয়ে বালিগঞ্জ শিক্ষাসদনে ফিরে আসব।’ স্কুলপড়ুয়া থেকে শুরু করে সংবাদকর্মী, সকল মহিলাকে মিছিলে যোগ দিতে বলেছেন তিনি। সঙ্গে পুলিশকেও নির্দেশ দিয়েছেন, সম্পূর্ণ নিরাপত্তা দিতে।