ফিরে এল হিমাচল প্রদেশের বচ্ছরকার জলযন্ত্রণা। একটানা ভারী বর্ষণে, ধস ও হড়পা বানে বিপর্যস্ত বিস্তীর্ণ অঞ্চল। ২৫৯টি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় রাজ্যের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বৃষ্টি, ধস, হড়পা বানে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৫৭ জন। অবিরাম বর্ষণে বাড়ি, স্কুল, সেতুর মতো প্রায় ৯০০টি সরকারি ও বেসরকরি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৮৮৬ কোটি টাকা।
হিমাচল সরকারের তথ্য, ৩০ জুন থেকে ৯ আগস্টের মধ্যে ধস নেমে মৃ . ত্যু হয়েছে ৬৮ জনের, দুর্যোগের জেরে দুর্ঘটনায় মৃ . ত্যু হয়েছে ৮৯ জনের। নিখোঁজ ২৫৭ জন। মৌসম ভবন নতুন করে কমলা সতর্কতা জারি করেছে হিমাচলের পাঁচ জেলায়। এই এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বভাস দেওয়া হয়েছে। এই অবস্থায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে বলেই মনে করা হচ্ছে।