‘সেনাবিরোধী মন্তব্য’, বার বার সমনেও দেননি হাজিরা! মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত


‘সেনাবিরোধী মন্তব্য’-এর অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগরের আদালত। বার বার সমন পাঠানো সত্ত্বেও আদালতে হাজিরা না দেওয়ার অভিযোগেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
অভিযোগের সূত্রপাত মহুয়ার একটি মন্তব্যকে ঘিরে। তাঁর বক্তব্যকে ‘সেনাবিরোধী’ বলে দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিযোগকারী। মামলাটির শুনানিতে মহুয়ার হাজিরার জন্য একাধিক বার সমন জারি করা হয়েছিল বলে অভিযোগ। কিন্তু নির্ধারিত সময়ে তিনি আদালতে উপস্থিত হননি।
এই পরিস্থিতিতে বুধবার কৃষ্ণনগর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আদালতের এই নির্দেশকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। তৃণমূলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কী অবস্থান নেওয়া হয়, সে দিকেও নজর রয়েছে।
উল্লেখ্য, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র বর্তমানে একাধিক আইনি বিতর্কের মধ্যে রয়েছেন। সম্প্রতি অন্য একটি মামলায় কলকাতা হাই কোর্ট তাঁকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল এবং নির্দিষ্ট দিনে তদন্তকারী আধিকারিকের সামনে হাজির হতে বলেছিল।
তবে কৃষ্ণনগর আদালতের এই মামলাটি পৃথক। এখানে বার বার সমন পেয়েও হাজির না হওয়ার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। পরবর্তী শুনানিতে মামলাটি কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার।

Post a Comment

Previous Post Next Post