আমতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় ভাঙার উপর জারি থাকা অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাই কোর্ট। ফলে আপাতত ওই কার্যালয় ভাঙতে পারবে না প্রশাসন। আগামী ৮ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভিষেকের কার্যালয় বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসনের তরফে গত ১৮ জুলাই কার্যালয়ের একাংশ ভাঙার কাজ শুরু হয়েছিল। পরের দিন বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় অভিষেকের সংস্থা ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’। জরুরি শুনানিতে আদালত ভাঙার কাজের উপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়।
মামলার শুনানিতে অভিষেকের সংস্থার আইনজীবী কিশোর দত্তের দাবি, যে জমির দাগ নম্বরকে কেন্দ্র করে বেআইনি নির্মাণের অভিযোগ তোলা হয়েছে, কার্যালয়ের অংশটি সেই জমিতে নয়। তাঁর বক্তব্য, ৫০৯ এবং ৫১২ নম্বর দাগের জমিতে নির্মাণ নিয়ে অভিযোগ থাকলেও ভাঙার কাজ হয়েছে ৫০৭ নম্বর দাগের জমিতে থাকা দফতরে। এই কারণে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও জানানো হয়েছে আদালতে।
এর আগে ৬ অগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছিল আদালত। পরবর্তী সময়ে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ানো হয়। এবারও আদালতের নির্দেশে আপাতত বন্ধ থাকছে কার্যালয় ভাঙার প্রক্রিয়া। মামলার পরবর্তী শুনানিতে নির্মাণ সংক্রান্ত নথি ও অন্যান্য বিষয় খতিয়ে দেখে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে।