নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার ভবানীপুরের ঐতিহ্যবাহী মিত্র ইনস্টিটিউশনে সাপের আতঙ্ক। স্কুলের মর্নিং সেকশনের প্রথম শ্রেণির এক পড়ুয়াকে সাপে কামড়েছে বলে দাবি পরিবারের। ঘটনার পর ওই খুদে পড়ুয়াকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, আক্রান্ত পড়ুয়ার নাম দৃপ্ত পাল। টালিগঞ্জের বাসিন্দা দৃপ্ত ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনের প্রথম শ্রেণির ছাত্র। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ স্কুলে টিফিনের বিরতি চলাকালীন তাকে সাপে ছোবল দেয় বলে পরিবারের দাবি। বিষয়টি জানাজানি হতেই স্কুল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়েই স্কুল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ করে। সঙ্গে সঙ্গে শিশুটির পরিবারকে খবর দেওয়া হয়। এরপর তাকে উদ্ধার করে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশুটির শরীরে বিষক্রিয়া হয়েছে কি না, তা জানতে রক্ত পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট হাতে আসার পরই বিষয়টি স্পষ্ট হবে। শিশুটির মায়ের দাবি, আপাতত দৃপ্তর শারীরিক অবস্থা স্থিতিশীল।